২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতের দোকানে ঢাবি মেডিকেলের ওষুধ, বিক্রেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর নীলক্ষেতের একটি দোকানের মালিককে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 08:36 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

সোমবার দুপুরে মামুন ফার্মেসির মালিক হানিফকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। 

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা সম্বলিত ওষুধ বিক্রির খবর পেয়ে ওই দোকানে যান ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। সেখানে গিয়ে তিনি ফার্মেসি মালিক হানিফকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জিফ্লক্স-৫০০ নামের ওষুধ বিক্রি করার সময় হাতেনাতে ধরেন।

এরপর প্রক্টরের সহায়তায় হানিফকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আটক হানিফ জানিয়েছেন, মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স চালক আব্দুল মালেকের কাছ থেকে এই ওষুধ নিয়েছেন।

প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান অফিসার সারওয়ার জাহান মুক্তাফী বলেন, ঘটনা শোনার পরপরই তিনি উপাচার্য এবং প্রক্টরের সাথে কথা বলেছেন।

“এই বিষয়ে মেডিকেল অফিসারদের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”