রাজউক কী করছে, প্রশ্ন সংসদীয় কমিটির
রাজধানীতে নিয়ম বহির্ভূতভাবে একের পর এক ভবন নির্মিত হওয়ায়ে রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, তারা এখন এসব অবৈধ ভবন ভাঙা দেখার অপেক্ষায় রয়েছেন।
সংসদীয় কমিটির বৈঠকে বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড নিয়ে আলোচনার সূত্র ধরে রাজধানীতে অবৈধভাবে নির্মিত ভবনের প্রসঙ্গ আসে।
গত ২৮ মার্চ বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে আগুনে ২৭ জনের মৃত্যুর পর তদন্তে বেরিয়ে আসে, ১৮ তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩ তলা করা হয়েছিল।
সংসদীয় কমিটির সদস্য মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “১৮ তলা ভবনের পর আরও ৫ তলা কীভাবে করলো? এটার ফাউন্ডেশন কত তলার ছিল?”
কমিটির সভাপতি মোশাররফ বলেন, “সিভিল এভিয়েশন বলেছে ১৫ তলার বেশি করা যাবে না। অথচ ওই এলাকায় হোটেল ওয়েস্টিনসহ অনেক ভবন আছে সেগুলো সুউচ্চ। কীভাবে এগুলো হলো? এগুলো তো কোনো একটি সরকারের আমলে হয়নি। ৪৮ বছর ধরে চলছে।”
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর ঢাকার অবৈধ ভবনের খোঁজে নেমেছে রাজউক।
“রাজউক বলেছে তারা ২৪টি টিম করেছে। তাদের প্রতিবেদন কমিটিতে দিতে বলা হয়েছে “ জানিয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, “রাজউকের তৃণমূল পর্যায়ের কর্মীদের পাশাপশি চেয়ারম্যানসহ পদস্থদের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে বলা হয়েছে।”
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ সাংবাদিকদের বলেন, “আমরা অপেক্ষায় আছি, কবে নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ভবনগুলো ভাঙা হবে। এগুলোর মধ্যে একটাও যদি ভাঙে, তবে সেটা অনুকরণীয় হবে। এগুলো ভাঙলে অন্য সবার জন্য একটা শিক্ষা হবে।”
সংস সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বর্তমান বিল্ডিং কোড যুগোপযোগী করা, অনুমোদনহীন বহুতল ভবনের উচ্চতা বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ এবং যথাযথ কতৃপক্ষের মাধ্যমে কার্যক্রম মনিটরিং করার সুপারিশ করা হয়।
এছাড়াও বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনা রোধে অগ্নি নির্বাপন যন্ত্রাদি ব্যবহারে জনসচেতনা বৃদ্ধি ও গণমাধ্যমে প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, জিল্লুল হাকিম, মনোয়ার হোসেন, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম অংশ নেন।
