২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজউল্লাহর জানাজা দুপুরে, দাফন মিরপুরে

সাংবাদিক মাহফুজউল্লাহর মরদেহ ব্যাংকক থেকে ঢাকা এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 09:13 AM

Updated : 18 Aug 2022, 05:13 PM

শনিবার রাত ১টা ২০ মিনিটে একটি ফ্লাইটে তার কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তার শ্বশুর নাজমুল হক তা গ্রহণ করেন।

গুরুতর অসুস্থ হয়ে তিন সপ্তাহ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহফুজউল্লাহ। সেখানেই শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

৬৯ বছর বয়সী মাহফুজউল্লাহ হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে ব্যাংককে একবার তার বাইপাস সার্জারিও হয়েছিল।

পরিবারের সদস্যরা জানান, রাতে মাহফুজউল্লাহর মরদেহ রাখা হয় হাসপাতালের হিমঘরে। রোববার জোহরের নামাজের পর গ্রিনরোড জামে মসজিদে এবং আসরের পর জাতীয় প্রেস ক্লাবে দুই দফা জানাজা শেষে মীরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শনিবার দুপুরে মাহফুজউল্লাহর বাসায় গিয়ে তার বড় ভাই অধ্যাপক মাহবুবউল্লাহসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, এজেডেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন।

মাহফুজউল্লাহর জন্ম ১৯৫০ সালে নোয়াখালীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নেন।

তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে ঊনসত্তরের ১১ দফা আন্দোলনে অংশ নেন মাহফুজউল্লাহ। আইয়ুব খানের শাসনামলে তাকে ঢাকা কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছিল। তিনি পরে ছাত্র ইউনিয়নের (মেনন) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রাবস্থাতেই মাহফুজউল্লাহ সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িয়ে পড়েন। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রার ১৯৭২ সাল থেকেই তিনি জড়িত ছিলেন। বিভিন্ন বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন তিনি।

এছাড়া চীনে কিছুদিন বিশেষজ্ঞ হিসেবে এবং কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসেও দায়িত্ব পালন করেন মাহফুজউল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় যুক্ত ছিলেন। এছাড়া টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানগুলোতে নিয়মিত দেখা যেত তাকে।

বিভিন্ন বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা মাহফুজউল্লাহর বইয়ের সংখ্যা পঞ্চাশের বেশি।

তার সম্পাদিত বইয়ের মধ্যে রয়েছে- প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি, যাদুর লাউ, যে কথা বলতে চাই, অভ্যুত্থানের ঊনসত্তর, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন: গৌরবের দিনলিপি (১৯৫২-৭১), উলফা অ্যান্ড দ্য ইনসারজেন্সি ইন আসাম, বেগম খালেদা জিয়া: হার লাইফ হার স্টোরি, স্বাধীনতার প্রথম দশকে বাংলাদেশ।

পুরনো খবর:

সাংবাদিক মাহফুজউল্লাহ আর নেই