উদ্ভাবনী প্রকল্পের সমন্বয় চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী
উদ্ভাবনী চিন্তার সুফল পেতে বিভিন্ন দপ্তর ও বিভাগের উদ্ভাবনী চিন্তাগুলোর মধ্যে সমন্বয় করা প্রয়োজন বলে মনে করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “গ্রাহক সেবা ও কাজের সহজীকরণে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরের নতুন নতুন চিন্তা বেশ উৎসাহ জোগাচ্ছে। এই উদ্ভাবনগুলোর মধ্যে সমন্বয় করে যেটা যেখানে প্রয়োজন, কাজে লাগাতে পারলে আরও উপকার পাওয়া যাবে।”
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় এবার বিদ্যুৎ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা, কোম্পানির ২৫টি উদ্ভাবনী উদ্যোগ স্থান পেয়েছে। এর মধ্যে ছয়টি উদ্ভাবনকে পাইলট প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। পুরস্কৃত করা হয়েছে পাঁচটিকে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আলোর ফেরিওয়ালা প্রকল্প প্রথম, স্রেডার জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব মাল্টি ফুয়েল চুলা এবং ডিপিডিসির লাইফ সেভিংস ডিভাইস এগেইনস্ট ইলেক্ট্রিক্যাল হ্যাজার্ড প্রকল্প যৌথভাবে দ্বিতীয় হয়। এছাড়া যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে ডেসকোর এসএমএসের মাধ্যমে বিল পরিশোধ প্রকল্প ও ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) টাইম বেইসড প্রিভেনটিভ মেইনটেইন্যান্স অ্যাপস ফর সাব স্টেশন প্রকল্প।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের উদ্ভাবনী কর্মসূচি মানুষের আস্থা বাড়িয়েছে। বস্তি এলকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ কিংবা আলোর ফেরিওয়ালা কর্মসূচি এ আস্থাকে সুসংহত করেছে।
বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ সচিব (সমন্বয় ও সংস্থাপন) মো. শামসুল আরেফিন ও এটুআইর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদা বেগম বক্তব্য রাখেন।
