২০০ উপজেলায় বসছে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন
স্থানভিত্তিক নির্ভুল পূর্বাভাস পেতে দেশের ২০০ উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপনে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ৫২০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমিতে এসব আবহাওয়া স্টেশন হবে। ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে এ প্রকল্প।
এর আওতায় ২০০ উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন স্থাপন ছাড়াও ৬৫টি স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্র ও ৩৫টি সিনপটিক এডব্লিউএস স্থাপন করে আবহাওয়া পর্যবেক্ষণ পদ্ধতির মানোন্নয়ন করা হবে।
এছাড়া আবহাওয়া সদর দপ্তর কার্যালয় ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, ছয়টি বিভাগে জলবায়ু কেন্দ্র স্থাপন এবং সবগুলো আবহাওয়া পর্যবেক্ষণাগারকে একই নেটওয়ার্কের আওতায় আনা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে জলবায়ু এবং আবহাওয়া সম্পর্কে স্থানভিত্তিক ও সময়ভিত্তিক সতর্কবাণী পাব, যেটি আগে পেতাম না। এতে আমাদের ফসলসহ গবাদি পশু ও জীবন রক্ষা পাবে।”
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, প্রকল্পের উদ্দেশ্য ছিল আবহাওয়ার আগাম সতর্কবাণী আরও বেশি উন্নত করা এবং যে সংকেতগুলো দেওয়া হয় তাতে ভুলের পরিমাণ কমিয়ে আনা।
“আমরা উপজেলা পর্যায়ে আবহাওয়া সেবাকে নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রসারিত করতে চাই। বিভিন্ন উপজেলায় এখন আবহাওয়ার তথ্য পাওয়া যায় না। … ২০০ উপজেলায় যখন আবহাওয়া স্টেশন বসে যাবে তখন প্রত্যেক উপজেলা থেকে নিয়মিত স্বয়ংক্রিয়ভাবে ডেটাগুলো পাব। তাহলে আমাদের ডেটার সংখ্যা বাড়বে এবং আগাম সতর্কবাণী আরও উন্নত হবে।”
সামছুদ্দিন বলেন, কোনো এক উপজেলায় স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন না থাকায় কী পরিমাণ বৃষ্টিপাত হয়, তাপমাত্রা কী থাকে তা এখন রেকর্ড করা যায় না। অথচ কোনো উন্নয়ন প্রকল্প করতে গিয়ে গত ৩০ বছরে বৃষ্টিপাতের ধরণ কী ছিল, তাপমাত্রা কী ছিল, বাতাস কোন দিক থেকে হয়- এ সমস্ত তথ্যের প্রয়োজন হয়।
“স্টেশন না থাকার কারণে আমরা এখন এ সমস্ত তথ্য দিতে সক্ষম না। যখন স্টেশন হয়ে যাবে তখন বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়নে আবহাওয়া ও পরিবেশগত যে বিষয়গুলো বিশ্লেষণের প্রয়োজন হবে সুনির্দিষ্টভাবে তা আমরা সরবরাহ করতে পারব।”
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, “এখন যে পূর্বাভাস হয়, অনেক সময় এটিকে সাধারণ মানুষ বলে খুবই জেনারেলাইজ। বাংলাদেশে আমাদের এখন চাহিদা হল সময় ও স্থানভিত্তিক পূর্বাভাস পাওয়া, যাতে আমরা প্রতিদিনের জীবন-জীবিকায় কৃষি উৎপাদন, মৎস্য উৎপাদনে এটি ব্যবহার করতে পারি।
“এই তথ্য যত বেশি আমরা সরবরাহ করতে পারব তত বেশি সকলেই সমৃদ্ধভাবে ব্যবহার করতে পারবেন। এই তথ্য কৃষি, মৎস্য, পানি সম্পদসহ অর্থনীতির বিভিন্ন কাজে আসবে বলে আমাদের ধারণা। এজন্য আমরা আবহাওয়া তথ্য নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারিত করতে চাচ্ছি।”
প্রতিরক্ষা বিভাগের আখতার হোসেন বলেন, “আমরা যখন উপজেলায় যাব তখন স্থান ও সময়ভিত্তিক তথ্য সরবরাহ করতে পারব, এতে আরও বেশি উপকৃত হব।”
এ প্রকল্পের জন্য প্রত্যেক উপজেলা কমপ্লেক্সে ২২০ বর্গফুট করে জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে সেজন্য স্থানীয় সরকার বিভাগকে ধন্যবাদ জানান প্রতিরক্ষা সচিব।
