মিরপুরের ‘সাংবাদিক খাল’ পুনরুদ্ধারের অঙ্গীকার মেয়রের
মিরপুরের জলাবদ্ধতার অন্যতম কারণ ভরাট হয়ে যাওয়া ‘সাংবাদিক খালটি’ ঢাকা ওয়াসাকে পরিষ্কার করে দিতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, ওয়াসা দুই-তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সিটি করপোরেশনের উদ্যোগে ওই খালে পানি চলাচলের ব্যবস্থা করা হবে।
সোমবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র।
তিনি বলেন, “কালশীর মোড় থেকে মিরপুরের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটায় দেখেছি অসহনীয় অবস্থা। সেখানে একটি সাংবাদিক খাল আছে, সেটি ওয়াসার আন্ডারে। আমরা ওয়াসাকে বলেছি, যদি সেটা ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের সিটি করপোরেশনের যত যন্ত্রপাতি আছে, এসব দিয়ে ওই খাল এবং খালের আশপাশে… যেসবের জন্য জলাবদ্ধতা হচ্ছে, সেখানে আমি নিজে যাব, দিজে দাঁড়িয়ে থেকে ইমিডিয়েটলি সেটাকে সল্ভ করতে চাইব।”
মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকার পাশে কালশী খাল রক্ষণাবেক্ষণের জন্য দেয়াল তুলে ২২ ফিট চওড়া ড্রেন করে দেওয়া হয়েছিল।
পানি বের হওয়ার পথ বন্ধ থাকায় প্রতি বর্ষা মৌসুমে সিটি করপোরেশন ৫ নম্বর ওয়ার্ডে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে ওই এলাকার কয়েক লাখ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
জনগণের অভিযোগ পাওয়ার পর সিটি করপোরেশন বসে থাকতে পারে না মন্তব্য করে মেয়র বলেন, “আজকে সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সেখানে গেছে। তারা আমাকে রিপোর্ট দেবে, সে অনুসারে কাল-পরশুর ভেতরে অথবা দুই থেকে তিন দিনের মধ্যে আমি অ্যাকশন নেব।”
রামচন্দ্রপুর খালসহ আশপাশের কয়েকটি খাল ভরাট হয়ে যাওয়ায় মিরপুর এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে বলে জানান মেয়র আতিকুল।
তিনি বলেন, “আমি বলেছি জনগণ যেখানে কষ্ট পাচ্ছে, সেখানে কে করবে না করবে, সেটা পরে ভাবার বিষয়। কোথা থেকে বাজেট পাব কি না পাব, পরে দেখার বিষয়। এখন বর্ষার সময় রাস্তা ডুবে যাচ্ছে, জনগণ যে কীভাবে কষ্ট পাচ্ছে, রিকশা, গাড়ি ডুবে যাচ্ছে, চলাচল করতে পারছে না, এর থেকে রেহেই পাওয়ার জন্য অবিলম্বে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে।”
জনগণের ভোগান্তি নিরসনে ওয়াসাসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সিটি করপোরেশনের সঙ্গে এক হয়ে কাজ করার আহ্বান জানান মেয়র।
নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা আছে কিনা- এ প্রশ্নের উত্তরে আতিক বলেন, “সমন্বয়ের অভাব আমি বলব না। ওয়াসার দায়িত্ব আছে খালের পানির বিষয়ে। এখন আমি কোনো ধরনের সমন্বয়হীনতা চাই না। আমি সবাইকে নিয়ে দ্রুত কাজ করতে চাই।”
রাজধানীর খাল পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে উত্তরের মেয়র বলেন, “এ বিষয়ে আমরা এলজিআরডির সঙ্গে কথা বলেছি।সিএস পরচা অনুসারে দেখে দেখে খালগুলো উদ্ধার করতে হবে। আমরা দেখছি কীভাবে নদীগুলো উদ্ধার করা হচ্ছে, আমি আশা করব, ঢাকার ভেতরে যেসব খাল আছে, প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুরূপ অ্যাকশন নেবেন।”
রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, “সবাই যদি দায়িত্ব নিয়ে যার যার জায়গা থেকে পরিষ্কার করে রাখি, তাহলে এই শহর একটি সুন্দর শহরে পরিণত হবে। শহরের যেসব ড্রেন আছে সেখানে আমরা কেউ কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলব না। সবাইকে সচেতন হতে হবে, সচেতন করতে হবে।”
নিরাপদ শহরের পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে মেয়র বলেন, “ভবিষৎ প্রজন্ম আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে দেশের সড়ক নিরাপদ করতে হবে।”
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পাশে ডিআইটি সড়কে একটি ফুটব্রিজ করে দেওয়ার দাবি জানালে মেয়র বলেন, “এই ফুটব্রিজ আমরা করে দেব। কিন্তু সবাই যেন সেখান দিয়ে রাস্তা পার হয় তা শিক্ষার্থীরা দেখাশোনা করেবেন বলে প্রত্যাশা করি।”
অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য শহিদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
