২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ না দেওয়ায়’ ধর্ষিতাকে আসামি করার অভিযোগ

‘দলবেঁধে ধর্ষণের’ শিকার হওয়ার পর পুলিশের কাছে গিয়ে ‘ঘুষের টাকা’ দিতে না পারায় উল্টো আসামি হওয়ার অভিযোগ তুলে যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 07:06 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

দুই সন্তানের জননী তালাকপ্রাপ্তা ওই নারী (২৭) বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করলে বিচারক জয়শ্রী সমাদ্দার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার এসআই আ স ম মাহমুদুল হাসান ও মোছা. লাইজু, মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশী।

মামলার আরজিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারার অপহরণ এবং ৯ (৩) ধারার দলবেঁধে ধর্ষণের অভিযোগ থাকলেও বিবরণে ওসি এবং দুই এসআইয়ের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করার জন্য ঘুষ দাবি এবং পরবর্তীতে ঘুষ না পেয়ে বাদীকে যৌনকর্মী উল্লেখ করে আদালতে চালান দেওয়ার অভিযোগ করা হয়েছে।  

মামলায় বলা হয়, বাদী দুই সন্তানের জননী তালাকপ্রাপ্তা হওয়ায় অভাব-অনটনের কারণে কাজের সন্ধান করেন। পূর্বপরিচিত শফিকুল ইসলাম রনি তাকে অনলাইনে থ্রি পিস ও শাড়ি কেনা-বেচার একটি প্রতিষ্ঠানে কমিশনে চাকরি দেওয়ার কথা বলে গত ১২ মার্চ করাতিটোলায় ফারজানা আক্তার শশি ও বিলকিস আক্তারের ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর তাদের সহযোগিতায় বাড়ির মালিকের ছেলে আসামি স্বপন তাকে ধর্ষণ করেন।

বাদী ডাক-চিৎকার দিলে আসামি শশি ও শিলা তার গলায় বটি ঠেকিয়ে মেরে ফেলার এবং ধর্ষণের ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এরপর জীবন, বিপ্লব, হানিফ, সাগর ও আলাউদ্দিন বাদীকে মারধর ও বিবস্ত্র করেন। তারাসহ আরও ১০-১২ জন লোক ইয়াবা সেবন করে তাকে ধর্ষণ করে।

সেখানে বাদী অসুস্থ হয়ে পড়েন। পরে সুযোগ বুঝে এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যান।

সেখান থেকে বেরোনোর পর তার ডাক-চিৎকারে নাজমুল হোসেন নামে একজন লোক এগিয়ে আসেন। সব কথা শুনে তিনি তাকে রেজাউল করিম নামে একজন মানবাধিকার কর্মীর কাছে নিয়ে যান। তার মাধ্যমে বাদী যাত্রাবাড়ী থানায় যান।

সেখানে ওসিকে না পেয়ে এসআই প্রদীপ কুমার ও আয়ান মাহমুদকে ঘটনা জানান। তারা এসআই লাইজুকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।

লাইজু ঘটনাস্থলে গিয়ে আসামি শশি ও শিলাকে ১৮টি ইয়াবাসহ গ্রেপ্তার করে আনেন। এরপর এসআই লাইজু বাদীকে প্রস্তাব করেন যে, ওসি ওয়াজেদ, এসআই প্রদীপ কুমার ও আয়ান মামুদকে এক লাখ টাকা ঘুষ দিলে ধর্ষণের মামলা হবে।

না দিলে মিথ্যা মামলায় জড়ানো হবে। পরে গত ১৮ মার্চ ঘুষের টাকা না দিতে পারায় বাদীকে ‘পতিতা সাজিয়ে’ আসামি শিলা ও শশিসহ আদালতে পাঠান ওসি ওয়াজেদ, এসআই মাহমুদুল হাসান ও লাইজু।

এজাহারে আরও বলা হয়, আসামি শশি ও শিলা ইয়াবাসহ গ্রেপ্তার হলেও ওই সম্পর্কে কোনো মামলা হয় নাই। উল্টো বাদীকে যৌনকর্মী সাজিয়ে আদালতে পাঠানো হয় এবং তাকে ধর্ষণের ঘটনা চাপা পড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ওসি ওয়াজেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ মার্চ একটি আবাসিক হোটেল থেকে ‘দেহ ব্যবসার’ অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জামিনে বেরিয়ে এসে তারা আবার এসব কাজ শুরু করে। এতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আদালতে এই অভিযোগ করেছে।

ওই নারীর অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন তিনি।