২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ দুর্ঘটনা কমছে, দাবি নৌ অধিদপ্তরের

গত কয়েক বছরের পরিসংখ্যান তুলে ধরে বর্তমানে নৌ দুর্ঘটনার হার কমে আসছে বলে দাবি করা হয়েছে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 07:34 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

ঢাকার সিরডাপ মিলনায়তনে বুধবারের এই সভায় নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম জানান, ২০০৬  থেকে ২০১০ সাল পর্যন্ত ১৮২টি নৌ দুর্ঘটনা ঘটলেও ২০১১ থেকে ২০১৫ সালে ৮৯টি নৌ দুর্ঘটনা ঘটে। 

“এই দুর্ঘটনা কমে ২০১৬ থেকে ২০১৮ সালে এসে দাঁড়ায় ৫৪টিতে।”

সৈয়দ আরিফ জানান, ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৬০৮টি নৌ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রীবাহী নৌযান দুর্ঘটনা ঘটে ২২৪টি।

নৌদুর্ঘটনা বাংলাদেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ৮৪ শতাংশ বলে অনুষ্ঠানে জানানো হয়।

নৌ পরিবহন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব নৌ দুর্ঘটনায় মারা যান ৩ হাজার মানুষ। এদের মধ্যে লঞ্চের যাত্রী এক হাজার ৭৮১ জন।
অতিরিক্ত যাত্রী বহন, খারাপ আবহাওয়া, দুর্বল ব্যবস্থাপনা, দক্ষতার অভাব ও সচেতনতার অভাবকে যাত্রীবাহী নৌ দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করেন নৌ অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি বলেন,  “মার্চ থেকে মে মাসের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মে মাসে সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা ঘটে।”
এই সময়কালে মোট দুর্ঘটনার ৩৫ শতাংশ যাত্রীবাহী নৌযান দুর্ঘটনার কবলে পড়ে  বলে জানান সৈয়দ আরিফ।

তিনি বলেন, নিয়মিত তদারকি, নৌযান তৈরি করার আগে এর নকশা পরীক্ষা করা ছাড়াও মাস্টার ও ড্রাইভারদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নৌ দুর্ঘটনা কমানো যায়।

সভায় নৌযান মালিক সমিতির নেতা শহিদুল ইসলাম ভুইয়া বলেন, “অনেক কারণে নৌ দুর্ঘটনা ঘটে। এর কারণ কি মাস্টার, ড্রাইভার না কি কর্তৃপক্ষ?”
লঞ্চ যাত্রা শুরু করার পর  খারাপ আবহাওয়ার কবলে পড়লে পথে কোনো পোতাশ্রয় না থাকার বিষয়টি তুলে ধরেন তিনি।

বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বিশ্ব ব্যাংকের অর্থায়নে গজারিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত ৬টি (ভেসেল স্ট্রর্ম সেন্টার) পোতাশ্রয় নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কলামনিস্ট সৈয়দ আবুল মাকসুদ, বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমডোর মাহবুব উল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মুহাম্মদ মারুফ হাসান।
‘দূষণ, দখল মুক্ত করি, নৌযাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি’ স্লোগানে গত ৩০ মার্চ  থেকে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করে নৌপরিবহন অধিদপ্তর, যা দেশব্যাপী চলবে ৫ এপ্রিল পর্যন্ত।