খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বাই সাইকেলের আরোহী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে খিলগাঁওয়ের বাগানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান।
নিহত বিবেক মণ্ডল (১১) নন্দিপাড়া এলাকার ফল বিক্রেতা বিশ্বজিত মণ্ডলের একমাত্র ছেলে। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, একটি মিনি ট্রাক পেছন থেকে বিবেকের সাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ওই ট্রাকের চালক আতিয়ার শেখকে (৩৫) গ্রেপ্তার করে এবং ট্রাকটি জব্দ করে বলে জানান ওসি।
