২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর অগ্নিকাণ্ড: ঢাকা মেডিকেলে একজন সঙ্কটাপন্ন

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

কাজী মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 03:58 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

সঙ্কটাপন্ন এই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। এই অগ্নিকাণ্ডে আহত আরও ছয়জন চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।

বার্ন ইউনিটে ভর্তি ছয়জনের অবস্থা অতটা না হলেও মূল হাসপাতালের আইসিইউতে থাকা রেজোয়ান আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

তিনি শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, “আইসিইউতে যিনি ভর্তি, তার অবস্থা ক্রিটিক্যাল।”

গত বৃহস্পতিবার বহুতল এফআর টাওয়ারে আগুন লাগলে অনেকে দেয়াল কিংবা কেবল বেয়ে নামার সময় পড়ে গিয়ে হতাহত হন। রেজোয়ানও পড়ে আহত হন। তার দেহের বিভিন্ন অঙ্গ ভেঙেছে।

অগ্নিদগ্ধ যে ছয়জন বার্ন ইউনিটে রয়েছেন, তাদের বিষয়ে সামন্ত লাল বলেন, “প্রত্যেকেরই শ্বাসনালী পুড়েছে। আমরা তাদের অবজার্বেশনে রেখেছি। বলব না কেউ শঙ্কা মুক্ত। তবে সব মিলিয়ে বলা যায় একজন (রেজোয়ান) ছাড়া অন্যরা তুলনামূলক ভালো আছে।”

এই অগ্নিকাণ্ডে ২৫ জন বৃহস্পতিবারই মারা যান। ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে একজনের মৃত্যু ঘটলে মৃতের সংখ্যা ২৬ জনে উন্নীত হয়।

সামন্ত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের পরপরই পাঁচজন আহত অবস্থায় বার্ন ইউনিটে এসেছিলেন। তার মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

“গতকাল কুর্মিটোলা হাসপাতাল থেকে একজনকে এখানে নিয়ে এসেছি। আজ সকালে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ থেকে দুজন এসেছে। এখন মোট ছয়জন আমাদের বার্ন ইউনিটে আছে।”

এদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন হয়েছে বলে জানান সামন্ত লাল। তিনি বলেন, এই রোগীদের মানসিক চাপ সামলে ওঠার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

Image
বনানীর এফআর টাওয়ার ও পাশের ভবন থেকে আটকে পড়া মানুষদের নামিয়ে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

বনানীর এফআর টাওয়ার ও পাশের ভবন থেকে আটকে পড়া মানুষদের নামিয়ে আনছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

বার্ন ইউনিটে চিকিৎসাধীন তৌকির ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা।

এফআর টাওয়ারের ১২ তলার ইইউআর সার্ভিস বিডি লিমিটেডের এই কর্মকর্তা বলেন, “আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়ায় চার পাশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল। সবাই বের হওয়ার চেষ্টায় দৌড়াচ্ছিলাম। কিন্ত সিঁড়িতে গেলেই দেখি আরও বেশি ধোঁয়া।

“দেয়াল ও ফ্লোর প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে কষ্টকর। যেখানেই হাত-পা লাগছিল, পুড়ে যাচ্ছিল।”

তখন বাঁচার আশাও ছেড়ে দিয়েছিলেন তৌকির। পরে ফায়ার সার্ভিসের ক্রেইন দিয়ে তাকে নামিয়ে আনা হয়।

“আমাদের কক্ষে আগুন ছিল না। তারপরও আগুনের তাপে দেয়াল এতই গরম ছিল যে ভাবছিলাম এই তাপেই ঝলসে যাব। নামার সময় ক্রেনে উঠতে গিয়ে দেয়ালে যেখানে হাত-পা লেগেছে সেখানেই পুড়ে গেছে।”

ইইউআরের আরেক কর্মকর্তা স্বপন শর্মাও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে বেঁচে ফিরেছি, জানি না। বেঁচে আসছি এটাই বেশি। মারা যাব কনফার্ম ছিলাম, ফায়ার সার্ভিসের লোকেরা ক্রেন দিয়ে নিচে নামিয়ে না আনলে আর বাঁচতে পারতাম না।”