বনানীতে অগ্নিকাণ্ড: সার্বক্ষণিক তদারকিতে প্রধানমন্ত্রী
রাজধানীর বনানীর বহুতল ভবনে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই ভবনে বৃহস্পতিবার বেলা ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট সেখানে কাজ করছে।
বিকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে “
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীর বহুতল ভবনে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বক্ষণিক তদারকি করছেন।”
এই অগ্নিকাণ্ডে বিকাল পর্যন্ত এক বিদেশিসহ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের বেশিরভাগই আগুন থেকে বাঁচতে উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন। এরকম লাফ দিয়ে আহতও হন অনেকে।
এই উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীও যোগ দিয়েছে।
