ময়মনসিংহ সিটি: ৭ এপ্রিলের মধ্যে আগাম প্রচার সামগ্রী সারানোর নির্দেশ
নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সব ধরনের আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সম্ভাব্য প্রার্থীদের আগাম পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, দেয়াল লিখন, লিফলেট নিজ উদ্যোগে ৭ এপ্রিলের মধ্যে সরাতে হবে।
বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, “এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে অপসারণমূলক এ কাজ বাস্তবায়ন করা হবে।”
৫ মে নবগঠিত এ সিটির মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩০টি কেন্দ্রে ইভিএমে ভোট হবে।
ইসির নির্দেশনায় বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেলসহ সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের প্রয়োজন। একইসঙ্গে নির্বাচনী এলাকায় সকল ধরনের আলোকসজ্জার মাধ্যমে প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলোও তাদের নিজ খরচে অপসারণ করতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধি তদারকির জন্যে নির্বাচনী কর্মকর্তারা এলাকায় টহলে থাকবেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের লোকবল নিয়ে প্রচারসমাগ্রী সরিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে জড়িতদের কারণ দর্শানোসহ সতর্কতামূলক ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা।
এরপরও আগাম প্রচার চালিয়ে কেউ প্রার্থী হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে। রাজনৈতিক দলের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার সুযোগ রয়েছে।
এছাড়া বিধি লঙ্ঘনে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।
ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডে ৩ লাখ ২ হাজার ১০৯ জন ভোটার রয়েছে।
এ সিটি নির্বাচনে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানকে রিটার্নিং কর্মকর্তা এবং ১১ জন জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।
৪০ দলকে চিঠি
ইসির সহকারী সচিব রৌশন আরা জানান, তফসিল ঘোষণার পর ৭ দিনের মধ্যে দলের প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, নমুনা স্বাক্ষর চেয়ে নিবন্ধিত দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হতে ৩০০ ভোটারের সমর্থনসূচক তালিকা জমা দিতে হবে।
তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল।
