২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আনোয়ারুল হকের মৃত্যু

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল হক মারা গেছেন। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2019, 12:40 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

ডেইলি স্টারের সাবেক চিফ রিপোর্টার আনোয়ার ভারতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেছেন। তার বয়স হয়েছিলো ৬২ বছর।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোরে স্ট্রোক করলে ধানমণ্ডির বাসা থেকে আনোয়ারুল হককে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সোবহানবাগ মসজিদে এবং বিকাল ৩টায় সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে আনোয়ারুল হকের জানাজা হবে পরে আজিমপুর কবরাস্থানে তাকে দাফন করা হবে।

ডেইলি স্টারে চিফ রিপোর্টার, সিটি এডিটর পদে দায়িত্ব পালন করা এই সাংবাদিক বর্তমানে বিলুপ্ত মনিং সানসহ দেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেছেন। এক সময় তিনি ছিলেন গালফ নিউজের বাংলাদেশ সংবাদদাতা।

দিল্লিতে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করে এসে ২০০৭ সালে আনোয়ার ব্রাকের কমিউনিকেশনস বিভাগের পরিচালক পদে যোগ দেন।

২০০০ ও ২০০১ সালে পর পর দুই মেয়াদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক। তিনি ছিলেন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিষ্ঠাতা সদস্য। 

ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ফৌজিয়ানসের সাধারণ সম্পাদক পদেও ছিলেন আনোয়ারুল হক। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।