২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ তীরে ভাঙা পড়ল ৩৫টি দালান

ঢাকায় তুরাগ নদীর তীরে গড়ে উঠা অবৈধ ৩৫টি দালানসহ দেড় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 05:49 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

বুধবার সকাল ১১টার থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর জহুরাবাদ হতে পালপাড়া পর্যন্ত নদীর উভয় তীরে এই অভিযান চালানো হয়।

অভিযানে একটি তিনতলা বাড়ি, ১১টি দোতলা বাড়ি, ২৩টি একতলা বাড়ি ভাঙা পড়ে বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানিয়েছেন।

বাকি স্থাপনার মধ্যে রয়েছে আধা পাকা, সেমিপাকা বাড়ি ও টিনের ঘর।

অভিযানে দুই একর জমি দখল মুক্ত হয় বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তুরাগ তীরে ফের অভিযানে নামবেন তারা।

মঙ্গলবার গাবতলী, আমিন বাজার সেতু হতে মিরপুর জহুরাবাদ পর্যন্ত নদীর উভয় তীরে অভিযান চালিয়ে ৩১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন।

তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন।