২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রজন্ম রক্ষা করবে ইতিহাস, বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

পঁচাত্তরের পনের অগাস্টের কুশীলবদের নানা ষড়যন্ত্রের পরও নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে ‘হৃদয়ে ধারণ’ করে মুক্তি সংগ্রামের অবিনাশী সব উচ্চারণ কণ্ঠে তুলে নেওয়ায় তাদের ওপরই আস্থা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 09:46 PM

Updated : 10 Oct 2022, 08:59 PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ‘মুক্তির গান’ এর আয়োজনে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যত বাধাই আসুক, সব উপেক্ষা করে নতুন প্রজন্ম রক্ষা করবে মুক্তিযুদ্ধের ইতিহাস।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ সামনে রেখে তার সাতই মার্চের ভাষণ নিয়ে স্কুল শিক্ষার্থীদের ভাষণ প্রতিযোগিতার এ আয়োজনের নাম ছিল ‘অবিনাশী সেই উচ্চারণ”।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঁচাত্তরের পনের অগাস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদানকে ‘ভুলিয়ে দেওয়ার’ চেষ্টা হয়।

আওয়ামী লীগ নেতারা বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমানের হাত থাকার অভিযোগ এনেছেন। ওই হত্যাকাণ্ডের পর নানা উত্থান পতনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অসীন হওয়া জিয়াও একসময় ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন।

সে  দিকে ইঙ্গিত করে কামাল বলেন, “অনেক কিছু দেখেছি পনের অগাস্টের পরে। ইতিহাস কিন্তু কাউকে কোনোদিন ক্ষমা করে না। ইতিহাসের নির্মম শিকার এক দিন না একদিন হতে হয়। যে জাতি ইতিহাসকে শ্রদ্ধা করে না, সে জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। এটাই ইতিহাসের শিক্ষা।“

আজকের তরুণ প্রজন্মকে নিয়ে নিজের আশার কথা শুনিয়ে ঊনসত্তরের ছাত্র আন্দোলনে থাকা আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমরা মুক্তিযোদ্ধারা একে একে বিদায় নিচ্ছি। তবে আজকে আমরা বিশ্বাস অর্জন করেছি, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের কথা কোনোদিন ভুলবে না। তারা কখনো ভুলবে না বঙ্গবন্ধুর কথা।”

অনুষ্ঠানে এসেছিলেন ঢাকা-১৩ আসনের সাংসদ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, নৃত্যশিল্পী লায়লা হাসান, শহীদকন্যা শাওন মাহমুদ, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আরাফাত এ রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। মঞ্চে ছিলেন মুক্তির গানের উপদেষ্টা সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ।

সৈয়দ হাসান ইমাম বলেন, “জিয়াউর রহমান ক্ষমতায় এসে চলচ্চিত্র থেকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। জাতির পিতার ছবি যেখানে আছে, সেসব দৃশ্য দেখানো যাবে না। আলপিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রিল থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে দেওয়া হচ্ছিল যেন! কিন্তু যখনই হলে প্রদর্শন হত সে ছবি, চিহ্ন দেখে দর্শক চিৎকার করত, ওইখানে তো বঙ্গবন্ধু ছিল।

“আজকে যদি জিয়া বেঁচে থাকতেন... মানুষের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করে কত বড় ভুল করেছিলেন, সেটা বুঝতে পারতেন।”

আরাফাত রহমান বলেন, “আমরা যখন সে সময় নিজেদের মত করে বঙ্গবন্ধুকে বোঝার চেষ্টা করছি, তখন আমাদের রীতিমতো হুমকি ধামকি দিত। কিন্তু শত চেষ্টা করেও তারা আমাদের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারেনি।”

‘মুক্তির গানের’ আয়োজনে এ প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে শিশুরা নিজেদের কণ্ঠে সাতই মার্চের ভাষণের অংশবিশেষ বা পুরোটা ধারণ করে সেই ভিডিও পাঠায় আয়োজকদের কাছে।

 

আয়োজনের সমন্বয়ক শিবলি হাসান জানান, পনের হাজার শিশু এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে সাতজনকে রোববারের আয়োজনে মঞ্চে হাজির করা হয়।

এই সাতজন হল- কিশোরগঞ্জের বাজিতপুরের বারারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির আব্দুল্লাহ আল হাসান, সিলেটের ব্লু বার্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির সাদমান সাকিব নাবিল, চট্টগ্রামের অরবিট ক্রেডিট স্কুলের পঞ্চম শ্রেণির আল হাসনাত মাসুম শিহাব, ঢাকার বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির সানজিদা আহমেদ তমা, বগুড়ার ডি আর এন ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণির মো. আরাফাত আশিক নিহাল, কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ইফতেখারুল ইসলাম অপূর্ব।

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের অংশবিশেষ নিয়ে ১৯ মিনিটের এক সম্মেলক পরিবেশনায় অংশ নেয় এই সাত শিশু। অনুষ্ঠানে তাদের হাতে সনদ ও মুক্তিযুদ্ধের বই তুলে দেন অতিথিরা। 

এছাড়া প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ভিডিও পাঠিয়ে ‘সাতই মার্চের মিছিল’ পুরস্কার জিতে নেয় ময়মনসিংহের নান্দাইলের গয়েশপুর আব্দুল হামিদ জুনিয়র হাই স্কুল। মানসম্মত ভিডিওর জন্য ‘সাতই মার্চের স্লোগান’ পুরস্কার পায় বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। সর্বোচ্চ নারী শিক্ষার্থী অংশ নেওয়ায় ‘সাতই মার্চের আলো’ পুরস্কার পায় মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় মঞ্চস্থ করে তাদের প্রযোজনা ‘কখন আসবে কবি’, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র পরিবেশন করে ‘সাতই মার্চের বিকেল’।সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা শোনায় পাঁচটি গান। এরপর মঞ্চে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ সামনে রেখে ‘বঙ্গবন্ধু বর্ষ’ উদযাপন করছে ‘মুক্তির গান’। সেই উদযাপনের প্রথম সন্ধ্যায় ঢাকার আকাশে বর্ণিল আতশবাজি ওড়ায় আয়োজকরা। এরপর মঞ্চে গান শোনায় গানপোকা, অবসকিউর ও আর্টসেল।

মুক্তির গানের সমন্বয়ক নবেন্দু নির্মল সাহা জয় বলেন, “স্বাধীনতা পেয়েছি, মুক্তি আসবেই’এ স্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘মুক্তির গান’ এক বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে।

“সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূর্যমুখী নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, তার সফল বাস্তবায়নের জন্য কাজ করাই আমাদের ব্রত।”

‘মুক্তির গান’ এর এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, একাত্তর টিভি ও দৈনিক সমকাল।