১৭ মার্চ ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শুরু
যান চলাচল ব্যবস্থার উন্নয়ন এবং শৃঙ্খলা আনার লক্ষ্যে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ আবারও শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।
১৭ থেকে ২৩ মার্চ ঢাকা মহানগরীর ট্রাফিক সচেতনতা বৃদ্ধিই এই ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের মূল উদ্দেশ্য বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই সপ্তাহে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ৫ থেকে ১৪ অগাস্ট ট্রাফিক সপ্তাহ, ৫ থেকে ৩০ সেপ্টেম্বর ট্রাফিক সচেতনতা মাস, ২৪ থেকে ৩১ অক্টাবর ট্রাফিক সপ্তাহ, চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালনের ফলে রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হওয়ায় তার ধারাবাহিকতায় ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে।
