সাইকেল চালিয়ে নদী রক্ষার বার্তা দিল শিক্ষার্থীরা
সাইকেল চালিয়ে কাছের নদীটি পর্যন্ত গিয়ে নদী রক্ষার বার্তা দিলেন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন দেশের বিভিন্ন স্থানে 'সাইক্লিং ফর রিভার' সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে নদী বিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপল। এ সংগঠনের ২০টি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থী-সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
তারা নিজেদের ক্যাম্পাস থেকে সাইকেল চালিয়ে কাছাকাছি বিভিন্ন নদীতে যাওয়ার পথে মানুষের মাঝে নদী বাঁচাতে সচেতনতামূলক বার্তা লেখা লিফলেট বিতরণ করেন।
কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে রিভারাইন পিপলের দলটি সাইকেলে ইবি থানার পূর্ব আব্দালপুরে কুমার নদীর তীরে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন তারা।
সংগঠনের সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা ক্যাম্পাস থেকে সাইকেল চালিয়ে যান সুরমা নদীতে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে রিভারাইন পিপলরা কীর্তনখোলা নদীর তীরে এবং টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দলটি লৌহজং নদীর তীরে সাইকেলযাত্রায় অংশ নেন।
এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শাখা রিভার কনজারভেশন ক্লাব (আরসিসি) ক্যাম্পাসে সাইকেল র্যালি করে।
রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। আমরা এই সাইকেল নিয়ে র্যালি করে যাচ্ছি নদীর কাছে। নদী ও এর জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের পরিবেশবান্ধব হয়ে ফিরতে হবে এই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাই সারা বিশ্বে।”
এ কর্মসূচির অংশ হিসেবে ‘বাঁচলে নদী, বাঁচবে জীবন’ স্লোগানে রংপুরে রিভারাইন পিপলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা তিস্তা কাউনিয়া রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী শুষ্ক নদীতে কলস থেকে পানি ঢেলে প্রতীকী প্রতিবাদ জানান।
বাংলাদেশের উত্তরাঞ্চলে শুষ্ক মৌসুমে সেচের জন্য তিস্তার পানি খুবই গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার পর বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তা চুক্তির আশা দিলেও মমতাকে তিনি রাজি করাতে পারেননি।
তিস্তায় পানির ‘ন্যায্য হিস্যার’ দাবিতে স্থানীয় এলাকাবাসীদের সঙ্গে মানববন্ধনে অংশ নেন রিভারাইন পিপলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা।
১৯৯৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর রিভারস। রিভারাইন পিপল এর বাংলা নাম 'আন্তর্জাতিক নদীকৃত্য দিবস' প্রচলন করে।
