২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাসহ গ্রেপ্তার দুই চীনা রিমান্ডে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে পাঁচ কেজি সোনার বারসহ গ্রেপ্তার চীনের দুই নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2019, 09:34 PM

Updated : 08 Apr 2022, 03:56 PM

এরা হলেন- চেন জিফা (২৭) ও দিং শাউশেং (৩৫)।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোক্তারুজ্জামান বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

বুধবার সকালে ওই দুই চীনা নাগরিককে সোনাসহ আটক করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা। তারা দুটি সোলার হোম সিস্টেমের ভেতরে সোনার বারগুলো এনেছিলেন।তাদের কাছে ৪৮টি সোনার বার পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের উপ-পরিচালক অথেলো চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে শারজাহ থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর দুই চীনা যাত্রীকে ৯ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পেরোনোর পর তাদের কাছে শুল্ক কর আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না, তা জানতে চাইলে তারা অস্বীকার করেন।

এরপর তাদের লাগেজগুলো স্ক্যানারে দেওয়া হলে দুটি লাগেজেই ধাতব পদার্থের ছবি পাওয়া যায়। পরে লাগেজ দুটি খুলে একই ধরনের দুটি সোলার হোম সিস্টেম পাওয়া যায়। সেগুলোর ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা চীনের নাগরিক। চীনা ভাষায় কথা বলেন। অল্প স্বল্প ইংরেজি বোঝেন। তারা বাংলাদেশে এসে কোথায় অবস্থান করেন, কার আশ্রয়ে থাকেন, স্বর্ণ সংগ্রহের উৎস সংক্রান্ত তথ্য এবং স্বর্ণগুলো কার কাছে ও কোথায় হস্তান্তর করতেন সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

পুরনো খবর:

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ দুই চীনা আটক