নূর-শোভনের কোলাকুলিতে নামল উত্তেজনার পারদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে স্বাগত জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরাজিত প্রার্থী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
আর তার আহ্বানে সাড়া দিয়ে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মর্সূচি প্রত্যাহার করে নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের মোর্চা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নূরুল হক নূর।
মঙ্গলবার বিকালে টিএসসি মিলনায়তনে বিজয়ী ও বিজিতের করমর্দন ও কোলাকুলির মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার ডাকসু নির্বাচন নিয়ে দুদিন ধরে চলা উত্তেজনার আপাত অবসান হল।
মিলনায়তনের মঞ্চে নূরকে পাশে রেখে শোভন নিজের সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমি পারিনি তো কী হয়েছে, ভিপি তো হয়েছে। ভিপিতো কারও একার না, কোনো সংগঠনের না, সকল ছাত্রদের। এখন আমাদের সব চাওয়া-পাওয়া নুরুল হক পূরণ করবে। তাকেও দায়িত্বশীল হতে হবে, তোমাদেরকেও (ছাত্রলীগ) বার বার বলতেছি, তোমাদেরকেও সকলকে সহযোগিতা করতে হবে।”
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি থেকে তারা সরে আসছেন। তবে যে নির্বাচন হয়েছে, তাতে শিক্ষার্থীদের ‘আশা পূরণ’ না হওয়ায় প্রশাসনকে পুরো বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদগুলোর দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন সোমবার শেষ হয় অনিয়মের নানা অভিযোগ এবং অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে দিয়ে।
ছাত্রদল, বাম জোট, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের দুটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়ে পুননির্বাচনের দাবি জানায়।
রাতে ফল ঘোষণার পর দেখা যায়, ডাকসুতে ভিপি ও সমাজসেবা সম্পাদক ছাড়া সবগুলো পদেই জয়ী হয়েছেন সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের প্রার্থীরা।
কিন্তু ভিপি পদে পরাজয় মানতে না পেরে মঙ্গলবার সকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূরকে ভিপি পদে জয়ী করতে ‘অনেক বড় জালিয়াতি’ হয়েছে অভিযোগ করে ওই পদে পুনর্নির্বাচনের দাবি জানান তারা।
অন্যদিকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া প্যানেলগুলোর ডাকে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ছিল বন্ধ। সংগঠনগুলো আলাদা আলাদাভাবে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে নতুন করে নির্বাচনের তফসিল দেওয়ার দাবি জানিয়ে আসছিল।
ভোট চলাকালে সোমবার দুপুরে রোকেয়া হলে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার নূর রাতে ছিলেন হাসপাতালে। মঙ্গলবার দুপুরে তিনি ক্যাম্পাসে ফিরে আনন্দ মিছিলে অংশ নেওয়ার পর টিএসসিতে ফের হামলার মুখে পড়েন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের পরদিন মঙ্গলবার ক্যাম্পাসে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আনন্দ মিছিল।
এদিকে ওই হামলার ঘটনার কিছুক্ষণ পর ছাত্রলীগ সভাপতি শোভন ভিসির বাসভবনের সামনে গিয়ে কর্মীদের ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিতে বলেন।
ছাত্রলীগ কর্মীরা এসময় ‘মানি না, মানি না’ বলে স্লোগান দিতে থাকলে শোভন বলেন, “তাইলে তোমরা আমাকেও মানো না।… অনেক সময় অনেক কিছুর কারণে বিশ্ববিদ্যালয়ের পরিব্শে ভালো রাখার জন্য, দেশের ভালোর জন্য নিজেকে বলি দিতে হয়।… অনুরোধ, তোমরা হলে ফিরে যাও।”
বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে নূরসহ সব প্যানেলের নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করতে চান তিনি।
শোভনের অনুরোধে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীরা সরে গেলে সংগঠনের সভাপতি দলবল নিয়ে যান টিএসসিতে। ভোট বর্জন করা প্যানেলগুলোর নেতাদের সঙ্গে তখন সেখানেই অবস্থান করছিলেন নূর।
উপস্থিত সাংবাদিকদের সামনে শোভন বলেন, “ছাত্রলীগের পক্ষ থেকে নূরুল হককে স্বাগত জানাতে এসেছি।”
২৯ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা তুলে ধরে ছাত্রলীগের সভাপতি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাই, শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নুরুল হককে মেনে নিয়ে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।”
আর নূর বলেন, “শোভন ভাই আমার হলের বড় ভাই। আমরা একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি বিজয়ী হয়েছি, উনি আমাকে স্বাগত জানিয়েছেন, আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”
দুপুরে টিএসসিতে ছাত্রলীগের হামলার ঘটনার কথা মনে করিয়ে দিয়ে নূর বরেন, “আমি শোভন ভাইকে বলেছি। তিনি কি ব্যবস্থা নেন, সেটার জন্য অপেক্ষা করছি।”
