এবার আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে পুত্রবধূর অভিযোগ
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলার আবেদন করেছেন তার পুত্রবধূ, যার স্বামী সাফাত আহমেদ ধর্ষণের মামলার আসামি হয়ে কারাগারে রয়েছেন।
সাফাতের স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসা (২৬) সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আরজি নিয়ে যান। তাতে দিলদারের সঙ্গে আপন রিয়েল এস্টেটের পরামশর্ক ও তত্ত্বাবধায়ক মো. মোখলেসুর রহমানকেও আসামি করা হয়েছে।
ফারিয়া মামলার আরজিতে বলেছেন, প্রায় পাঁচ বছর আগে সাফাতের সঙ্গে তার বিয়ে হয়। গত ৫ মার্চ রাতে তাকে নির্যাতন ও গালাগালি করে বাসা থেকে বের করে দেন দিলদার। তাতে সহযোগিতা করেন মোখলেসুর।
ফারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মোবাইল ফোন, ব্যক্তিগত গাড়ি, কেড়ে নেওয়া হয়। তিনি (দিলদার) আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘প্রশাসন-মিডিয়া আমি কিনে ফেলব। তুই কিছুই করতে পারবি না।”
ফারিয়া জানান, তিনি বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির পরিচালক ছিলেন। এখন সোহানা গ্রুপের কর্ণধার।
বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে নিয়ে ধর্ষণের মামলায় দেড় বছর ধরে কারাগারে রয়েছেন ফারিয়ার স্বামী সাফাত।
সাফাত আহমেদ (ফাইল ছবি)
ফারিয়া আরও অভিযোগ করেছেন. এর আগে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য গোপনে খাবারের মধ্যে ওষুধ মেশানোর চেষ্টা করা হত।
ফারিয়ার আইনজীবী মোহাম্মদ উল্লাহ এবং সানাউল ইসলাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন আরজিটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্ত করে ১৯ জুন তাদের প্রতিবেদন দিতে বলেছেন।
অভিযোগের বিষয়ে দিলদার আহমেদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাফাত গ্রেপ্তার হওয়ার পর মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তার বাবা দিলদারও, পরে তিনি জামিনে মুক্তি পান।
