স্বাধীনতা কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ উদ্বোধন
তৃতীয় স্বাধীনতা কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হয়েছে।
রোববার ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় ১৩টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ আনসার-ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, ঢাকা কমার্স কলেজ, মিরপুর ফেনন্সিং ক্লাব, মিরপুর ডাই হার্ট ক্লাব, মিরপুর কসমো স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ ফেনন্সিং ক্লাব, রাজশাহী ফেনন্সিং ক্লাব, কোয়ান্টান স্কুল এন্ড কলেজ (বান্দরবান), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
ফেনন্সিং এসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম এবং পপুলার লঅইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসূফ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন ফেন্সিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আজাদ চৌধুরী বলেন, ফেন্সিং অলিম্পিক গেমসের একটি পুরাতন খেলা। এটি পশ্চিমা দেশগুলোতে খুবই জনপ্রিয় খেলা। বাংলাদেশেও এই খেলাকে জনপ্রিয় করতে বিভিণ্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে ফেন্সিং এসোসিয়েশনকে অনুরোধ করেন।
শোয়েব চৌধুরীর বলেন, ফেনন্সিং খেলাকে জনপ্রিয় করতে ক্রিকেট, ফুটবল এবং হকির মতো সরকারি-বেসরকারি খাতের সহায়তা প্রয়োজন। পর্যাপ্ত সুযোগ পেলে এই খেলার মাধ্যমে লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা আর এই খেলাকে দেশব্যাপী ছড়িতে দিতেই তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান শোয়েব।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৪ মার্চ।
