২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2019, 08:42 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

বুধবার বিদায়ী ব্রিটিশ দূত বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিদায়ী হাই কমিশনার সাফল্যের সঙ্গে কর্মকাল শেষ করায় সাক্ষাতের সময় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।”

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্রিটিশ সহযোগিতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক অনেক পুরনো ও ঐতিহাসিক।

তিনি বলেন, ছয় লাখ অনাবাসী বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করছেন। ব্রিটেনের আর্থ-সামাজিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে যে সমর্থন যুক্তরাজ্য দিয়েছে, সে কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ব্রিটেন জোরালো সমর্থন দিয়ে যাবে বলে তিনি আশা করছেন।  

বিদায়ী ব্রিটিশ দূত সাক্ষাতের সময় তার কর্মকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যালিসন ব্লেইক বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। তিনি আশা করেন, বাংলাদেশ সরকার গৃহীত ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ সফলভাবে বাস্তবায়ন হবে।

দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি ‘মানবিকতার বিরল’ উদাহরণ বলে মন্তব্য করেন বিদায়ী ব্রিটিশ দূত।

তিনি বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত এই বিশাল সংখ্যক নাগরিককে খাদ্য, কাপড় ও চিকিৎসা দেওয়া বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এই সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।