পূর্বাচলের ৮৪টি প্লট বরাদ্দ নিয়ে হাই কোর্টের প্রশ্ন
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের নকশা পরিবর্তন করে ৮৪টি প্লট বরাদ্দ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার এ রুল জারি করে।
দুই সপ্তাহের মধ্য গৃহায়ন ও গণপূর্ত সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব ও রাজউক চেয়ারম্যানসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৩ মার্চ সমকালে ‘গোপনে ৮৪ প্লট বরাদ্দ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী পূর্ণেন্দু বিকাশ দাস রিট আবেদন করেন।
রিট আবেদনকারী নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
পূর্ণেন্দু দাস সাংবাদিকদের বলেন, রাজউকের নতুন শহর প্রকল্পের নকশায় উন্মুক্ত স্থান, জলাধার ও খেলার মাঠের জন্য জায়গা রাখা আছে। অথচ এসব জায়গা সংকুচিত করে অবৈধ লেন-দেনের মাধ্যমে ৮৪টি নতুন প্লট তৈরি করে ইতোমধ্যে রাজউক তা বরাদ্দ দিয়েছে। এটি নকশা বহির্ভূত ও পরিকল্পিত নগরায়নের জন্য বাধা-এসব যুক্তিতে রিট আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছে।
সমকালের প্রতিবেদনে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশ অবজ্ঞা করে পুর্বাচল নতুন শহর প্রকল্পের নকশা ( লে-আউট প্ল্যান) পরিবর্তন করে প্রায় শ’ খানেক নতুন প্লট তৈরি করেছে রাজউক। দেড় থেকে ১০ বিঘা আয়তনের এসব প্লট ইতোমধ্যে গোপনে বরাদ্দও সম্পন্ন হয়েছে।
