ঢাবিতে দুই দিনের ‘জেন্ডার ফেস্ট’
বই মেলা, পোস্টার প্রদর্শনী, গান, আলোচনাসহ নানা কর্মসূচিতে দুই দিনের ‘জেন্ডার ফেস্ট ২০১৯’ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই আয়োজন শুরু হবে বুধবার।
সকালে খুলনার গানে দল রূপান্তরের লৈঙ্গিক সমতার গুরুত্ব বিষয়ক পট গান দিয়ে শুরু হবে এই আয়োজন।
এরপর এসডিজির লক্ষ্য অর্জনে লিঙ্গভিত্তিক নিপীড়ন এবং চ্যালেঞ্জ নিয়ে প্যানেল আলোচনায় প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের আয়শা খানম।
মধ্যাহ্ন বিতরতির পর উদ্বোধন অনুষ্ঠান হবে, এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিভাগের চেয়ারপার্সন ড. সানজীদা আখতার।
অনুষ্ঠানে ‘উইমেন ডে স্পিকার’ হিসাবে থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।
নারীবাদ নিয়ে সমাজের ভাবনা বিষয়ে হবে দ্বিতীয় দিনের প্যানেল আলোচনা। দুই দিনের এই আয়োজনে এ সংক্রান্ত ‘শর্ট ফিল্ম’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হবে।
শিল্পী ফারহিন খান জয়িতার পরিবেশনায় থাকবেন গানের আয়োজনও।
দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে থাকবেন সুবর্ণা মুস্তাফা এমপি।
দুই দিনই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত থাকবে পোস্টার প্রদর্শনী এবং জেন্ডার বই মেলা। বইমেলা দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক এনজিও অংশ নেবে।
আয়োজনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগকে সহায়তা দিয়েছে ইউএসএইড বাংলাদেশ, ইউএনডিপি বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
