২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান লেকে ডুবে যাওয়া কিশোরের সন্ধান মেলেনি

বনানীতে কড়াইল বস্তির পাশে গুলশান লেকে ডুবে যাওয়া কিশোরের সন্ধান মেলেনি এক দিনেও।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 08:35 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সোহাগ নামের ১৬ বছরের ওই কিশোরের খোঁজ পায়নি।

দিনভর তল্লাশি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান স্থগিত করার কথা জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, “বুধবার সকাল থেকে আবার তল্লাশি শুরু হবে।”

বনানী থানার এসআই আফজাল হোসেন জানান, বস্তিবাসী কয়েকজন কিশোর সোমবার রাত ১০টার দিকে লেকের পাড়ে অন্ধকারে বসে ছিল।

“বস্তিবাসীদের একজন ‘কে রে ওখানে’ বলে চিৎকার দিলে তারা দৌড় দেয়। তাদের মধ্যে সোহাগ পানিতে লাফ দেয়। এরপর থেকে সে নিখোঁজ।”

বনানী থানার এএসআই শাহাবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা সোমবার গভীর রাত পর্যন্ত লেকে তল্লাশি চালায়। কিন্তু না পেয়ে মঙ্গলবার আবার অভিযান শুরু করে।

কড়াইল বস্তির বাসিন্দা মজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহাগ ভাঙারি কুড়িয়ে বেড়ায়, নেশাও করে।

“রাতের ঘটনার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি বস্তির অনেকেই সোহাগকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে, কিন্তু পাওয়া যায়নি।”