২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ: জাহাঙ্গীরকে হয়রানি না করার নির্দেশ

বিজিএমইএ নির্বাচনের নতুন প্যানেল স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ও ডিএসএল গ্রুপের এমডি জাহাঙ্গীর আলমের সঙ্গে বর্তমান পরিচালনা পর্ষদের বিরোধ আগামী ছয় সপ্তাহের মধ্যে মীমাংসার আদেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 10:36 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খাইরুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়।

বিজিএমইএ থেকে জাহাঙ্গীর আলমকে যেন হয়রানি করা না হয়, সেই আদেশও আদালত দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএতে সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেলের আধিপত্য ভাঙতে স্বাধীনতা পরিষদ গঠন করেন জাহাঙ্গীর।

গত ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের এক বক্তব্যে আপত্তি তোলে বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ। ৪ মার্চ বিজিএমইএ ভবনে এসে পর্ষদের কাছে বক্তব্যের ব্যাখ্যা দিতে জাহাঙ্গীরকে চিঠি পাঠান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

ওই চিঠি চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান জাহাঙ্গীর।

তার আইনজীবী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী, বিজিএমইএর নেতাদের এধরনের বিরোধ হলে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও অনুবিভাগের তা মীমাংসা করার কথা। চিঠি দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ তারা নেয়নি বলে আদালতে আসেন তারা।

তিনি বলেন, “আদালত আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বিরোধ মীমাংসা করার আদেশ দিয়েছেন। পাশাপাশি এই সময়ের মধ্যে বিজিএমইএ থেকে জাহাঙ্গীর আলমের সদস্যপদ যেন বাতিল করা না হয় এবং তাকে হয়রানি করা না হয় সেই আদেশও দিয়েছেন।”

নির্ধারিত দিন সোমবার জাহাঙ্গীর বিজিএমইএতে উপস্থিত হননি।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে জাহাঙ্গীর আজ বিজিএমইএতে আসেননি। তাই আমরা আগামী ১৩ মার্চ তাকে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছি।”

তবে জাহাঙ্গীর ভাষ্য, তিনি বিজিএমইএকে হেয় করে কোনো বক্তব্য দেননি। সমঝোতায় নেতা নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়ানোর কারণে তার সদস্যপদ বাতিলের উদ্যোগের অংশ হিসাবে বর্তমান পর্ষদ ওই পদক্ষেপ নেয়।

“ওরা আমার সদস্যপদ বাতিলের পরিকল্পনা নিয়েছিল। আগামী ছয় সপ্তাহের মধ্যে যেন এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়া হয় হাই কোর্ট বেঞ্চ সেই আদেশ দিয়েছেন।”

বর্তমান পরিচালনা পর্ষদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাদের কাছে ন্যায়বিচার সম্ভব নয় দাবি করে তিনি বলেন, “নির্বাচনের পর নতুন পর্ষদ গঠন হলে তারা বিষয়টি দেখবেন বলে আমি আশা করি।“ 

আগামী ৬ এপ্রিল বিজিএমইএর ৩৫টি পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম যৌথভাবে প্রার্থী দিয়েছে। আর স্বাধীনতা পরিষদ এককভাবে ২২টি পরিচালক পদে প্রার্থী দিয়েছে।