প্রধানমন্ত্রীর সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার আয়াস মিয়া।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে যান আয়াস মিয়া। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
টাওয়ার হ্যামলেটসের স্পিকারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “শান্তি ও স্থিতিশীলতা থাকায় দেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের রোল মডেল হয়েছে। তৃতীয় প্রজন্মের অনাবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগের জন্য আগ্রহী।”
বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগের জন্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
এসময় অনাবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি সম্মাননা ফলক উপহার দেন এনআরবির চেয়ারপারসন শেকিল চৌধুরী।
