২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণায়’ গ্রেপ্তার সাজ্জাদ রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 12:39 AM

Updated : 18 Aug 2022, 04:56 PM

শনিবার সাজ্জাদকে (৬২) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক শরিফ উদ্দিন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুইয়া তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রনপ কুমার ভক্ত জানান।

গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাজ্জাদকে আটক করে র‌্যাব-৩ এর একটি দল।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, রংপুরের ছেলে সাজ্জাদ দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার বোনের ছেলে পরিচয় দিয়ে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেন।

এছাড়া তার বিরুদ্ধে সরকারি চাকরি ও সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।