২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক নিপীড়ন থেকেই নারীদের আত্মহত্যা: আইনমন্ত্রী

শুধু শারীরিকভাবে নয়, নারীরা মানসিকভাবেও সহিংসতার শিকার হচ্ছে। এসব মানসিক সহিংসতার কারণেই পরবর্তীতে আত্মহত্যার মতো ঘটনা ঘটছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 07:47 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মত প্রকাশ করেন।

আইনমন্ত্রী বলেন, “সরকার আইনি সহায়তা কার্যক্রম ইউনিয়ন পর্যন্ত নিয়ে গেলেও নারী নির্যাতনের অনেক খবর সরকারের কাছে পৌঁছায় না।”

নারীদের সুরক্ষায় নানা আইন প্রণয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারপরও নারীরা তাদের ন্যায্য অধিকার বা বিচার পাওয়ার ক্ষেত্রে এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। আবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের অনেকে সহিংসতার শিকার হচ্ছেন, যা মোটেই কাম্য নয়।”

আনিসুল হক বলেন, “নারীরা কিন্তু শুধু শারীরিকভাবেই সহিংসতার শিকার হচ্ছে না, তারা বিভিন্ন উপায়ে মানসিক ভাবেও সহিংসতার শিকার হচ্ছেন। যদিও মানসিকভাবে সহিংসতার শিকারের ঘটনাগুলো আমাদের সামনে সেভাবে প্রকাশ পাচ্ছে না। এসব মানসিক সহিংসতার কারণেই পরবর্তীতে আত্মহত্যার মতো ঘটনা ঘটছে।”

নারীর প্রতি সহিংসতার অভিযোগ সরকারি লিগ্যাল এইড অফিসে পৌঁছানোর জন্য বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

নারীর প্রতি এসব পারিবারিক (শারীরিক ও মানসিক) সহিংসতা প্রতিরোধে সরকার ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন এবং ২০১৩ সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিধিমালা প্রণয়ন করেছে। 

আইনমন্ত্রী বলেন, “বাস্তবে এই আইনের প্রয়োগ আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। তার মানে এই আইন সম্পর্কে তারা এখনও পুরাপুরি জানে না। তাই এই আইন সম্পর্কে নারীদের পাশাপশি পুরুষদেরও জানাতে হবে। এজন্য প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”

মন্ত্রী জানান, শারীরিক ও মানসিকভাবে সহিংসতার শিকার নারীরা এখন ঘরে বসেই ১৬৪৩০ হেল্প লাইনে ফোন করে সরকারি আইনি সেবা নিচ্ছেন এবং এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৮৬ জন নারী বিনা খরচে সরকারি আইনি সেবা নিয়েছেন।

আলোচনা পর্বের আগে আইনমন্ত্রী ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধে সরকারি আইনি সেবার ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন।

আলোচনা সভাপতিত্ব করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক বিকাশ কুমার সাহা।

অনুষ্ঠানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বক্তব্য রাখেন।