২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন বাস্তবায়নে প্রয়োজন হালনাগাদ ডেটা: পরিকল্পনামন্ত্রী

দেশের জন্য গৃহীত সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে হালনাগাদ ডেটা সংগ্রহে গুরুত্ব দিচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 10:20 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

সোমবার ‘২১ শতকের জন্য ডেটা মূল্যবান সম্পদ’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, যথাযথভাবে ডেটা সংগ্রহ ও ব্যবহার নিশ্চিত করতে পরিসংখ্যান ব্যুরোসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, “আমাদের জাতীয় উন্নয়নের জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত এবং ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ সহ বেশ কিছু পরিকল্পনা আমরা বাস্তবায়ন করছি।

“এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের হালনাগাদ ও মানসম্পন্ন ডেটা দরকার। এসব ডেটার ভিত্তিতেই দেশের কোথায় কী আছে বা কী প্রয়োজন তা বোঝা যাবে।”

এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য শতকোটি ডেটার প্রয়োজন হবে বলে মন্তব্য করে তিনি বলেন, সঠিকভাবে ডেটা সাজাতে না পারলে পরিকল্পনা বাস্তবায়নে পিছিয়ে পড়তে হবে।

“ডেটা হতে হবে সঠিক ও অবাধ, যাতে দেশের সকল মানুষ এসব ডেটা অবাধে ব্যবহার বা দেখার সুযোগ পায়।”

প্রয়োজনে সিঙ্গাপুরসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে এ বিষয়ে সহযোগিতা নেওয়ার কথাও বলে পরিকল্পনা মন্ত্রী।

এটুআই ও সিঙ্গাপুরের ইজিএল যৌথভাবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কেআইবি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যযালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সিস্টেম সায়েন্সের প্রধান নির্বাহী খুং চ্যান মেং এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।