পুরো প্যানেল নিয়ে ডাকসু ভোটের মাঠে ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি সমর্থক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
প্যানেল থেকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সলিমুল্লাহ মুসলিম হল শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানকে।
তার সঙ্গে যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান খন্দকার অনিক প্রার্থী হচ্ছেন ডাকসুর সাধারণ সম্পাদক পদে।
কেন্দ্রীয় সিদ্ধান্তের পর সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী।
ডাকসুর প্যানেলে ছাত্রদলের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম সোহেলের নাম ঘোষণা করা হয়েছে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে।
দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই নির্বাচনে মনোনয়নপত্র উঠানোর শেষ দিন সোমবার ছাত্রদলের বিভিন্ন পদে মনোনয়নপ্রাপ্তরা হলে হলে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পরদিন বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালকুদার বলেন, “আমরা সহাবস্থানের দাবিতে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্ণপাত করেনি। তারা তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।
“সময় কম হলেও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা চাই না, আমাদের অবর্তমানে অন্য কোনো সংগঠন একেচেটিয়া সুবিধা গ্রহণ করুক।”
১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দেবেন।
ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল
সহ-সভাপতি (ভিপি): মোস্তাফিজুর রহমান
সাধারণ সম্পাদক (জিএস): আনিসুর রহমান খন্দকার অনিক
সহ-সাধারণ সম্পাদক: খোরশেদ আলম সোহেল
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: জাফরুল হাসান নাদিম
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাকসুদুর রহমান
কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: কানেতা ইয়ালামলাম
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশরাফুল আলম উজ্জ্বল
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিনহাজ আহমেদ প্রিন্স
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কাইয়ূম উল ইসলাম
ক্রীড়া সম্পাদক: মনিরুজ্জামান মামুন
ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাহফুজুর রহমান চৌধুরী
সমাজ সেবা সম্পাদক: তৌহিদুল ইসলাম
সদস্য: হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাঈদ বিন আনোয়ার, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, মোহাম্মদ শরীফুল ইসলাম, ইমাম আল নাসের মিশুক, আবুল বাশার ও আলমগীর হোসেন।
সরকার সমর্থক ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য এবং ছাত্রলীগের ‘বিদ্রোহী’ নেতাদের প্যানেল ঘোষণা করা হয়েছে।
