অর্থ আত্মসাৎ: কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
নথিপত্র জালিয়াতির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের তিন মামলায় সাত ব্যাংকার ও ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলাগুলো দুই বছর ধরে তদন্তের পর কমিশনে প্রতিবেদন জমা হলে বৃহস্পতিবার অভিযোগপত্রগুলো অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিগগিরই অভিযোগপত্রগুলো সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করা হবে।
আসামিরা হলেন- চট্টগ্রামের মেসার্স আমানত স্টিল ও মেসার্স রুবাইয়া ভেজিটেবলস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক হারুন অর রশিদ, মেসার্স রহমান স্টিল কর্পোরেশনের তালুকদার আবদুর রহমান, মার্কেন্টাইল ব্যাংক মাদামবিবির হাট শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট শাখা ব্যবস্থাপক মৃনাল পাল, একই ব্যাংকের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাখা ব্যবস্থাপক পরিতোষ কুমার ধর।
এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক আগ্রাবাদ শাখার সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাবেদুল ইসলাম, একই শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার মুহাম্মদ জহুরুল ও ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার সাবেক প্রবেশনারি অফিসার মোহাম্মদ সাইফুল হাসান।
২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ কালাম বাদী হয়ে দুইটি ও সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী একটি মামলা করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংকের মাদামবিবির হাট শাখার গ্রাহক মেসার্স রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক আগ্রাবাদ শাখার গ্রাহক মেসার্স তালুকদার ট্রেডিং কোম্পানির মধ্যে লোকাল এলসির মাধ্যমে কোনো পণ্য আমদানি-রপ্তানি না হলেও ভুয়া নথিপত্র দিয়ে চার কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ ও পাচার করা হয়।
একইভাবে মার্কেন্টাইল ব্যাংক মাদামবিবির হাট শাখার গ্রাহক মেসার্স এইচ স্টিল রি-রোলিং মিল্স এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের আগ্রাবাদ শাখার গ্রাহক মেসার্স রহমান স্টিল কর্পোরেশন ও তালুকদার ট্রেডিং কোম্পানির মধ্যে দুইটি লোকাল এলসির মাধ্যমে কোনো পণ্য আমদানি-রপ্তানি না করে জাল নথিপত্র দিয়ে ১০ কোটি তিন লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ ও পাচার করা হয়।
এছাড়া একইভাবে জালিয়ামতির মাধ্যমে আসামি হারুন অর রশিদের মালিকানাধীন মেসার্স রুবাইয়া ভেজিটেবলস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নয় কোটি ৭৬ লাখ ৬৬ হাজার টাকা জমা হওয়ার পর পাচার হয় বলে প্রতিবেদনে বলা হয়।
