বুড়িগঙ্গা তীরে আরও ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা আরও ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)।
এবারের উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন বৃহস্পতিবার পশ্চিম হাজারীবাগের ঝাউচর এলাকায় উচ্ছেদ অভিযান চলে।
দিনভর অভিযানে একটি চারতলা ভবন, দুটি তিনতলা, আটটি দোতলা ও তিনটি একতলা ভবন ভাঙা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
তিনি বলেন, উচ্ছেদের তালিকায় ২৫টি আধা পাকা ও ২০টি টং ঘরও রয়েছে।
আগের দিন বুধবার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত নদীর দুই তীরে ৬০৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবই ভাঙা হচ্ছে।
ঢাকা নদী বন্দরের আওতাধীন এই এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে বলে বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন জানিয়েছেন।
আগে দুই দফায় ছয় দিনে ভাঙা হয়েছিল ১২শ' স্থাপনা। এর মধ্যে পাকা ভবন ১০৭টি, আধাপাকা ভবন ১২১টি, স’মিল ৮০টি, কারখানা ৮টি, টিনের ঘর ও টংঘর ৮৮৩টি।
