২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছর আগের খুনের ঘটনায় গ্রেপ্তার ২

প্রায় তিন বছর আগে একটি খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2019, 03:56 PM

Updated : 18 Aug 2022, 04:50 PM

তারা হলেন, সজল ওরফে পিচ্চি সজল (২২) ও হোসেন বাবু ওরফে হুন্ডা বাবু (২৫)।

তাদেরকে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও ঢাকার শ্যামপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে রোববার জানিয়েছেন পিবিআইয়ের বিশেষ সুপার (ঢাকা মেট্রে) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ২০১৫ সালের ১০ অক্টোবর কদমতলীর বড়ইতলায় এলাকায় ছুরিকাঘাতে আহত রাসেল (২২) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এই ঘটনায় রাসেলর মা রাশিলা বেগম কদমতলী থানায় মামলা দায়ের করেছিলেন।

রাসেল গ্রামের বাড়িতে কৃষিকাজ করতেন। ২০১৫ সালের ২৭ অক্টোবর মা রাশিলার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে চাকরির খোঁজে রাজধানীর কদমতলী এলাকায় এসেছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, ছিনতাইকারীর ছুরিতে রাসেল মারা গেছেন। থানা পুলিশের তদন্তে এই খুনের কিনারা না হওয়ায় মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর আদালতে জমা দেওয়া হয়।

নিহত রাসেলের মা আদালতে না-রাজি আবেদন দিলে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন বিচারক।

পিবিআইর তদন্তে বেরিয়ে আসে, ঘটনাটি ছিনতাই ছিল না, বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গ্রেপ্তার সজল নিহত রাসেলের গ্রামে বিয়ে করেছিল। দুজনের মধ্যে সখ্যও ছিল। চাকরির খোঁজে রাসেল ঢাকা আসার পর সজলের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয়।

অন্যদিকে পিবিআই কদমতলী এলাকায় সেই সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন পিংকি ও পারভেজ নামে দুজন। তাদের ভেতরে বিরোধ ছিল।

পিবিআই কর্মকর্তা আজাদ বলেন, “পারভেজকে হত্যা করার জন্য পিংকি গ্রেপ্তার বাবু ও সজলকে ঠিক করে। সজল এই সুযোগে রাসেলকেও হত্যাও পরিকল্পনা করে।

“ওই রাতে সজল, বাবু, রাসেল ও পারভেজ ইয়াবা সেবন করে এবং সজল ও বাবু কোমরে থাকা ছুরি দিয়ে রাসেল ও পারভেজকে ছুরি মারে।”

ছুরিকাঘাতে রাসেল মারা গেলও পারভেজ কিছুদিন চিকিৎসা শেষে ভালো হলে এখন পুলিশের হাতে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন বলে পিবিআই জানিয়েছে। পিংকিকেও গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।