শিশুপ্রহরে বই দেখাতে দেখাতে ‘কোমর ব্যথার অবস্থা’
অমর একুশে বইমেলায় সপ্তাহে দুই দিন দুই ঘণ্টা করে থাকে শিশুপ্রহর, তবে এই সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না খুদে পড়ুয়াদের বই খোঁজা।
সাপ্তাহিক ছুটির দুই দিন শুক্র ও শনিবার বাবা-মায়ের হাত ধরে, কেউ কোলে চড়ে বইমেলায় আসে শিশুরা। বইয়ের দোকানে ছুটাছুটি আর শিশু চত্বরের মঞ্চে লাফালাফি করে মেলা প্রাঙ্গণ মাতিয়ে রাখে তারা।
সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহরের সীমা ছাড়িয়ে সন্ধ্যার পরেও ঝাঁকে ঝাঁকে শিশুকে লাফালাফি, উল্লাস ও পছন্দের বই খোঁজায় ব্যস্ত দেখা যায়।
শিশু চত্বরের স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানান, শুক্র ও শনিবারে শিশুতোষ বইয়ের বিক্রি সপ্তাহের অন্য সব দিনের বিক্রি ছাড়িয়ে যায়।
‘গোল্ডেন বুকস’ স্টলের বিক্রয়কর্মী শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল হলেই বাচ্চারা চলে আসে এই দুই দিন। বাচ্চারা খুব দুষ্টুমি করে। একজন এই বই ধরে তো অন্যজন আরেকটা নিয়ে টানাটানি করে।
এই দুই দিনে বই বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করে শনিবার সন্ধ্যায় তিনি বলেন, “সারা সপ্তাহে যা বিক্রি হয় মাশাল্লাহ এই দুই দিনে শিশুদের বই তার চেয়েও বেশি বিক্রি হয়। পাশে শিশু একাডেমিতে এই দিন প্রোগ্রাম থাকে তো তাই ওখান থেকে ঝাঁকে ঝাঁকে বাচ্চারা আসে।”
শনিবার ‘মাস্টারমাইন্ড স্কুলের’ প্লে গ্রুপের ছাত্রী পাঁচ বছরের শিশু সাঁকোকে নিয়ে বইমেলায় আসেন তার বাবা। তাকে দেখা যায় শিশু চত্বরের মঞ্চে অন্য শিশুদের সঙ্গে লাফালাফি করতে। ব্যথা পেলে মেয়েকে ডেকে আদর করে আবার খেলতে পাঠান বাবা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা। বাচ্চাকে ইংরেজি মাধ্যমে পড়ালেও আমি চাই, আমার সন্তান সমানতালে বাংলা ভাষার চর্চা করুক। গতবছরও নিয়ে এসেছিলাম। ইনশাআল্লাহ, আগামীতেও বাচ্চাকে নিয়ে বইমেলায় আসব।”
মতিঝিলের অন্যন্যা একাডেমির প্রথম শ্রেণির ছাত্র শাফি আসে তার মা জান্নাত আরার সঙ্গে।
শাফি বলে, “একটা বই কিনেছি ‘সোনার কাঠি, রূপার কাঠি’। আজকে আরো অনেকগুলা কিনব।”
‘বই পড়ুন সারা বছর’
জনপ্রিয় অনলাইন পাঠশালা ‘টেন মিনিট স্কুল’-এর রূপকার আয়মান সাদিকের দুটি বই প্রকাশ করেছে তাম্রলিপি ও আগামী প্রকাশনী। শনিবার বিকালে আগামী প্রকাশনীর সামনে তাকে দেখে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন তরুণ-তরুণীরা।
ভক্তদের আবদার মিটিয়ে আয়মান সাদিক কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের সঙ্গে।
আয়মান সাদিক বলেন, “শুধু মেলার সময়ই না, পুরো বছর যেহেতু আমি অনলাইনে ক্লাস নেই, তাই আমি সারাক্ষণ মানুষজনকে বলি বই পড়াটা উচিত। বই পড়লে মানুষের মেধার বিকাশ হয়, নতুন একটা আইডিয়ার সঞ্চার হয়- এই জিনিসটা আসলে অন্যভাবে হয় না।
“তাই তরুণদের উদ্দেশে আমি বলব, শুধু এই ফেব্রুয়ারি মাস না, সার বছরই অনলাইনে হোক অফলাইনে হোক কিছু একটা পড়ুক। তারা যেন তাদের পড়ার অভ্যাসটা বজায় রাখে।”
সতর্ক পুলিশ
মাসব্যাপী বইমেলা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।
মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হাসান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছরের ন্যায় এখানে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবার নিরাপত্তায় যে গ্যাপগুলো থাকে আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করি। এবারো কিছু বিষয় নতুন করে করা হয়েছে।
নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ধানমন্ডি থেকে মেলায় আসা ব্যবসায়ী সাইফ উদ্দিন।
তিনি বলেন, “অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর থেকে মেলার নিরাপত্তা ব্যবস্থা অনেক ইমপ্রুভ করেছে। মেলায় প্রবেশের পথেই তো ভালোভাবে চেক করছে। পুলিশের কন্ট্রোল রুম দেখলাম। সিসি ক্যামেরাও অনেক। আসলে নিরাপত্তাটা মূলত আমাদের কাছে। আমরা জাতি হিসেবে যত সভ্য হব, এসব দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থাও তখন কমে যাবে। সার্বিক নিরাপত্তা ভালোই মনে হয়েছে।”
মূল মঞ্চের অনুষ্ঠান
এদিন বিকাল ৪টায় মেলার মূল মঞ্চে শুরু হয় ‘আবদুল হক: জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান।
আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপত সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশ নেন অজয় দাশগুপ্ত, সোহরাব হাসান ও আহমাদ মাযহার।
সৈয়দ আজিজুল হক বলেন, “একজন স্বার্থক মননশীল প্রাবন্ধিকের চিন্তনপ্রক্রিয়াকে অনিবার্যভাবে যেমন হতে হয় যুক্তিশৃঙ্খলিত তেমনি তার আবেগ-অনুভূতিকেও বাঁধতে হয় বুদ্ধির শাসনে। সাহিত্য ও সমাজ-সংস্কৃতি বিষয়ে বিশ্লেষণে আগ্রহী একজন প্রাবন্ধিককে গভীরভাবে উপলব্ধি করতে হয় সাহিত্যের যাবতীয় গতি-প্রকৃতির পাশাপাশি তার দেশকালের সংকট ও তার উত্তরণমুখী সুদূরপ্রসারী সম্ভাবনাকে।
“এভাবে তিনি একটি জাতির সামগ্রিক সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হন, ব্যাপৃত হন আপন জাতিসত্তার স্বরূপ সন্ধানে। যিনি প্রকৃত মনীষী, তিনি কালের কাঠামোর মধ্যে থেকেও হয়ে ওঠেন যুগন্ধর ও কালোত্তর প্রতিভার অধিকারী। ‘কলমসৈনিক’ হিসেবে খ্যাত আবদুল হক বাংলাদেশের সে রকমই শ্রেষ্ঠ চিন্তাবিদদের একজন। তিনি বাংলাদেশের জাতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ঘটনা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অগ্রণী, দূরদর্শী ও দায়িত্বশীল চিন্তকের পরিচয় দিয়েছেন।”
‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত বই নিয়ে আলোচনা করেন মাহবুব সাদিক, মাহবুব আজিজ, মারুফ রায়হান, কুমার চক্রবর্তী ও পাপড়ি রহমান।
কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি আতাহার খান ও ফরিদ কবির। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন ও অনন্যা লাবণী পুতুল।
সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে ছিল গোলাম কুদ্দুছের পরিচালনায় ‘বহ্নিশিখা’ এবং খাজা সালাহ উদ্দিনের পরিচালনায় নৃত্যসংগঠন ‘ঘুংঘুর সাংস্কৃতিক একাডেমি’র পরিবেশনা।
রোববারের অনুষ্ঠানসূচি
রোববার অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘কথাশিল্পী অমিয়ভূষণ মজুমদার: জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। সাহিত্যিক সেলিনা হোসেনের সভপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন মহিবুল আজিজ।
গ্রন্থমেলার নবম দিন শনিবার মেলায় নতুন বই এসেছে ২১৮টি।
