সাত জেলায় পাসপোর্ট অফিসে দুদক, চার ‘দালাল’ আটক
আকস্মিক দেশের সাতটি জেলার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালালদের দৌরাত্ম্য, পাসপোর্টে ঘুষের লেনদেন এবং এসবে প্রশাসনের অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আকস্মিক এই অভিযানে চার ‘দালালকে’ আটকের কথা জানিয়েছে সংস্থাটি।
দুদকের ভিন্ন ভিন্ন টিম বৃহস্পতিবার দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, মেহেরপুর ও মুন্সীগঞ্জ জেলায় এ অভিযান চালায় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।
তিনি বলেন, অভিযানে মেহেরপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও দিনাজপুর পাসপোর্ট অফিস থেকে চারজন ‘দালালকে’ হাতেনাতে গ্রেপ্তার করে দুদক দল। এরপর তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বলে জানান প্রনব।
বরিশালসহ দেশের সাত জেলার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক
এছাড়া বরিশাল পাসপোর্ট অফিসে পুলিশ সদস্যরাই দালাল সেজে গ্রাহকদের থেকে টাকা আদায় করছে বলে প্রমাণ পাওয়ার কথা জানান তিনি।
প্রনব বলেন, কুমিল্লা পাসপোর্ট অফিসে গিয়ে চার কর্মকর্তাকে অনুপস্থিত পায় দুদকের দল।
