২০১৮ সালে মাদক কারবারে গ্রেপ্তার দেড় লাখ: আইজিপি
মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণার’ কথা জানিয়ে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদক ও অবৈধ অস্ত্র সমাজের বিষফোঁড়া, এগুলো দূর করতে না পারলে নিরাপদ সমাজ তৈরি সম্ভব হবে না।
মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে থাকা পুলিশ বাহিনীর প্রধান গেল বছরে মাদক কারবারে গ্রেপ্তারের হিসাব দিয়েছেন।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। ২০১৮ সালের মাদক সংক্রান্ত ১ লাখ ১২ হাজার মামলায় প্রায় দেড় লাখ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজিপি ব্যাজ, কুচকাওয়াজ ও শিল্ড প্যারেড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বক্তব্যে এসব বলেন আইজিপি।
পুলিশ বাহিনীর কোন সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন পুলিশ প্রধান।
এ বছর ৫১৪ জন পুলিশ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আইজিপি ব্যাজ পেয়েছেন।
আইজিপি ব্যাজে পুরস্কারের অর্থের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আগে ১০ হাজার টাকা করে দেওয়া হত।
