গল্প-উপন্যাসের বাইরেও আগ্রহ অনেকের
ধুলার ওড়াউড়ি, নান্দনিক সাজসজ্জায় অব্যবস্থাপনার ছাপ রয়ে গেছে কোণে কোণে; তবুও পঞ্চম দিনে এসে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা।
প্রকাশকরা বলছেন, অন্য যে কোনো বইমেলার চেয়ে এবার প্রথম চার দিনে বই বিক্রির হার বেশি। মেলায় আগত পাঠকদের নজর বিষয় বৈচিত্র্যের দিকে।
বরাবরের মতো গল্প, উপন্যাস ও রহস্য রোমাঞ্চের প্রতি তুমুল আগ্রহ রয়েছে তরুণ পাঠকদের। এগুলোর সঙ্গে তুলনামূলক প্রবন্ধ সাহিত্য ও সাহিত্য সমালোচনা খুঁজছেন অনেকে। আবার কেউ কেউ খুঁজছেন সমকালীন সমাজ ও অর্থনীতির বই।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেডের (বিপিএল) স্টল থেকে সনৎকুমার সাহার ‘বাংলাদেশ: ভাবনা দুর্ভাবনা’ এবং এম এ তাসলিমের ‘কনটেমপোরারি ইকোনমিক ইস্যুজ অ্যান্ড পলিসিস’ বই দুটো কিনে নেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক।
তার স্ত্রী একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমীন বলেন, “গবেষণাধর্মী বইয়ের প্রতি আমার আকর্ষণ বরাবর। পাশাপাশি রাষ্ট্র, সভ্যতা নিয়ে তুলনামূলক প্রবন্ধ পেলেও কিনে নেব।”
গ্রন্থমেলার চতুর্থ দিনে ঐতিহ্য প্রকাশনী থেকে এসেছে আলতাফ পারভেজের দক্ষিণ এশীয় রাজনীতি বিষয়ক প্রবন্ধ ‘কাশ্মীর ও আজাদির লড়াই’, এসেছে আকেল হায়দারের কবিতার বই ‘হিয়া’, আফজাল হোসেনের উপন্যাস ‘একাকী আকাশ ওখানে’। এই প্রকাশনী থেকে আসা মেরী শেলীর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ বইটি অনুবাদ করেছেন খসরু চৌধুরী।
ঐতিহ্যের প্রধান নির্বাহী আমজাদ হোসেন কাজল বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার চতুর্থ দিনে আমাদের বই বিক্রির পরিমাণ খুব বেশি। তরুণ পাঠকরা গল্প-সাহিত্যের পাশাপাশি প্রবন্ধ, রাজনীতির বই কিনে নিয়েছেন।”
বরাবরের মতো এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, গল্পেই প্রাধান্য দিয়েছে সাহিত্য প্রকাশ। পাশাপাশি কিশোর উপন্যাস ও বাংলাদেশ প্রসঙ্গেও গুরুত্বারোপ করা হয়েছে এবার।
এই প্রকাশনী সংস্থার ব্যবস্থাপক মাসুদুল হক বলেন, “মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিয়ে এবার কিশোর উপন্যাসেও গুরুত্বারোপ করেছি। কিশোর পাঠকদের সংখ্যাই তো বেশি। মেলার এই চার দিনে তারা বিভিন্ন বিষয়ের বই খুঁজেছে। তরুণ পাঠকদের রুচির বিবর্তন হচ্ছে, শুধু গল্প-উপন্যাসেই তারা আর আটকে নেই।”
এছাড়াও হাসান আজিজুল হকের উপন্যাস ‘দেশভাগের ছয়টি গল্প ও টুকরো কতক স্মৃতি’, দীপংকর মোহন্তের নারী বিষয়ক গ্রন্থ ‘আধুনিকতার অভিঘাত ও শ্রীভূমির নারী জাগরণ (১৮৭৬-১৯৪৭)’, মোহাম্মদ হান্নানের ‘হাজার বছরের বাংলাদেশ: ইতিহাসের অ্যালবাম’, অধ্যাপক আনিসুজ্জামানের সম্পাদনা গ্রন্থ ‘মৃত্যুকূপের মানুষ: কালীরঞ্জন শীল স্মারকগ্রন্থ’ প্রকাশিত হয়েছে সাহিত্য প্রকাশ থেকে।
এখনও মেলায় পাঠক-দর্শকদের সমাগম ততোটা না হলেও বই বিক্রি বেশ হচ্ছে বলে জানিয়েছেন অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএসসি পরীক্ষা চলছে, ওদিকে চলছে বাণিজ্যমেলা। মেলায় এখনও পাঠক সমাগম সেভাবে হয়নি। তবে এবার মেলার শুরু থেকেই বই কিনে নিতে শুরু করেছেন পাঠকরা। প্রিয় লেখকদের যে বইগুলো এখনও সংগ্রহ করেননি, সেই বইগুলোর দিকেই ঝুঁকছেন তারা।”
অব্যবস্থাপনায় ক্ষোভ
মেলার চার দিন পেরিয়ে গেলেও সোহরাওয়ার্দী উদ্যানের বেশকয়েকটি প্রকাশনী স্টলের সামনে বিছানো হয়নি ইট। অনেক স্টলের সামনে এবড়োথেবড়ো ইটে হোঁচট খেতে হয়েছে অনেককে।
এ নিয়ে মেলা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ‘নিরাপদ ইভেন্ট’-এর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন।
‘নালন্দা’-এর প্রকাশক রেদওয়ানুর রহমান জুয়েল বলেন, “ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠানটি প্রতিবার মেলার ব্যবস্থাপনা করতে গিয়ে ব্যর্থ হয়। তবুও তাদেরই কেন বারবার দায়িত্ব দেওয়া হয়? প্রকাশক সমিতির কারও কথা শুনতে নারাজ বাংলা একাডেমি।”
উত্তরা থেকে বইমেলায় আসা মিমা রহমান বলেন, “স্টল খুঁজতে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতে হয়েছে। অবশেষে আধা ঘন্টা খোঁজাখুঁজির পর স্টলটি খুঁজে পেলাম।”
মেলায় ভাষাচিত্র, কথামেলা প্রকাশ, মনন প্রকাশ, সাহিত্য প্রকাশ, ধ্রুপদসহ বিভিন্ন প্রকাশনীর কর্মীদের পরে নিজ উদ্যোগে স্টল নম্বর লাগাতে দেখা গেছে।
এ বিষয়ে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, “আমরা আশা করছি, বুধবারের মধ্যেই মেলার সবগুলো স্টলে স্টল নম্বর লাগিয়ে দেওয়া হবে। স্টল খুঁজতে দর্শনার্থী ও বইপ্রেমীদের আর খুব বেশি কষ্ট করা লাগবে না।”
মূল মঞ্চের আয়োজন
মঙ্গলবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘কবি সিকান্দার আবু জাফর: জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি নাসির আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন শিরীন আখতার ও বায়তুল্লাহ কাদেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
মুক্তিযুদ্ধ চলাকালে সিকান্দার আবু জাফরের কবিতা সংকলন ‘বাঙলা ছাড়ো’ নিয়ে আলোচনা করেন নাসির আহমেদ।
তিনি বলেন, “বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম অত্যাচার, নির্যাতন, গণহত্যার ভয়াল চিত্র এই কাব্যগ্রন্থের বহু কবিতায় উৎকীর্ণ। দুঃশাসনের দুঃসময় তথা অন্ধকার শেষে স্বাধীনতার সোনালি আলোয় বাংলাদেশ উদ্ভাসিত হোক, মানুষের মুক্তি আসুক, মানবতার পতাকা উড্ডীন হোক- এই আকাঙ্ক্ষা তিনি লালন করেছেন কবি তার আজীবনের সাহিত্য সাধনায়।“
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “সিকান্দার আবু জাফর ছিলেন বহুমুখী মননের মানুষ। অঙ্গীকার ও মহত্তের দিক থেকে তার সঙ্গে কাজী নজরুল ইসলামের যথেষ্ট মিল রয়েছে। তার কবি ও গীতিকার সত্তা উৎসর্গিত হয়েছে জনমানুষের মুক্তির আবাহনে।”
এদিন মোট ১৫২টি নতুন বই এসেছে বলে বাংলা একাডেমি জানিয়েছে।
