সংসদে দুই তরফেই স্কুল এমপিওভুক্তির দাবি
একাদশ জাতীয় সংসদ শুরুর তিন দিনের মধ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি উঠেছে।
সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এবং জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপিভুক্তির দাবি তোলেন।
গত দশম সংসদেও সরকারি ও বিরোধী দলের সদস্যরা এমপিওভুক্তির দাবিতে সোচ্চার ছিলেন।
নাসিম বলেন, “এমপিওভুক্তির জন্য বাংলাদেশে লাখ লাখ শিক্ষকরা কিছুদিন আগে আন্দোলন করেছেন। শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে আমরা সব এমপিরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমাদের সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এসে গেছে।”
তিনি বলেন, “নির্বাচনের সময় শিক্ষকেরা অনেক পরিশ্রম করেছেন। আন্তরিকতার সাথে নির্বাচনে আমাদের সাহায্য করেছেন। এটা ভুলে গেছে চলবে না।”
এমপিওভূক্তির জন্য বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সরকারের কাছে দেওয়া আছে জানিয়ে নাসিম বলেন, “এর জরিপও হয়ে গেছে। এমপিওভূক্তির জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা লাগবে। অর্থমন্ত্রী (সাবেক) এ খাতে ৪৩২ কোটি টাকা দিয়েছিলেন, যার জন্য এটা হয়নি।
“অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, কথা বাস্তবায়ন করেন। চলতি অর্থ বছরে সম্পূরক বাজেটের মাধ্যমেই বরাদ্দ দিয়ে এটি বাস্তবায়ন করতে হবে। না হলে জনগণের কাছে আমরা ওয়াদা ভঙ্গ করব।”
তিনি বলেন, “সরকারি, বিরোধী দলসহ সকল এমপি স্বীকার করবেন এমপিভুক্তির কোনো বিকল্প হতে পারে না। দীর্ঘদিন ধরে এমপিওভুক্তি বন্ধ ছিল।”
অর্থ ও শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে নাসিম বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি না করে তালিকাভূক্ত দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন।”
হাসানুল হক ইনু বলেন, “আমরা গত ৫ বছরে সংসদ সদস্যরা যতবার দাঁড়িয়েছি, শিক্ষকদের এমপিওভুক্তির কথা বলেছি। কিন্তু অর্থমন্ত্রী টাকা বরাদ্দ করেননি। গত নির্বাচনের আগে যে টাকা বরাদ্দ হয়েছে তা বিলি বণ্টন করা সম্ভব হয়নি। কাজেই এমপিওভূক্তি হয়নি।
“এরকম একটি পর্যায়ে এই মুহুর্তে নজর দেওয়ার সময় এসেছে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য। শিক্ষকদের জীবনমান উন্নয়নে নজর দেওয়ার সময় এসেছে। তাদের জীবনমান উন্নয়ন করতে হলে এমপিওভূক্তি হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। শিক্ষকদের মর্যাদা প্রদান করা আমাদের জাতীয় কর্তব্য।
“মাত্র ৩ হাজার কোটি টাকার জন্য শিক্ষকদের এমপিওভূক্তি হবে না। এটা হতে পারে না। আমার দেশের সরকার এখন সম্পদশালী ও দক্ষ।”
