২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সম্পত্তি গ্রাস করায় যুগ্ম সচিবের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার করে সরকারি সম্পত্তি গ্রাস করায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব রফিকুল মোহামেদসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 08:21 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

বুধবার ঢাকার ৪ নম্বর  বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
দণ্ডিত অন্য দুই আসামি হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্চমান সহকারী মোড়ল কফিল উদ্দিন এবং নিম্নমান সহকারী (কাম-মুদ্রাক্ষরিক) আব্দুল জলিল খন্দকার। দুজনই এখন অবসরে রয়েছেন।

অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব রফিকুলকে পাঁচ বছর কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।
অন্য দুই আসামিকে তিন বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদেরও আরও তিন মাস কারাভোগ করতে হবে।
রায়ের সময় তিন আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার আরেক আসামি আবুল হোসেন মোল্লা সাক্ষ্যগ্রহণের সময় মারা গিয়েছিলেন বলে তাকে বাদ দিয়েই চলে বিচার।

রায় থেকে জানা যায়, আসামি আবুল হাসেম মোল্লা অ্যাওয়ার্ড সার্টিফিকেট তৈরি করে মিরপুরের সরকারি পুনর্বাসন প্রকল্পের একটি প্লটের জাল বরাদ্দপত্র তৈরি করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে ১৯৯৫ সালের ৮ মার্চ একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি বলেন, বরাদ্দপত্রে তার নাম ও বাবার নাম ভুল থাকায় সংশোধন করা প্রয়োজন।

ওই বরাদ্দপত্রটি জাল হলেও সরকারি কর্মচারী অন্য তিন আসামি নতুন ফাইল খুলে প্লটটি হাসেম মোল্লার নামে বরাদ্দপত্র জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হন বলে মামলাটিতে বলা হয়।

২০০৩ সালের ৩০ জুন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক রইসউদ্দিন আহম্মেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন। তদন্ত করে ২০০৯ সালের ১৫ মার্চ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিদর্শক রেভা হালদার।
আদালত ১০ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ করে বুধবার রায় দেয়।