২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুর ভিপি কোনো দলের নন, তিনি সবার: তোফায়েল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তৎপরতার মধ্যে ডাকসুর ভিপি কেমন হবেন তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরলেন তোফায়েল আহমেদ, যিনি নিজেও এক সময় এই পদে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 12:02 AM

Updated : 10 Oct 2022, 08:53 PM

সত্তরের দশকের উত্তাল সময়ের ছাত্রনেতা তোফায়েল বলেন, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) যিনি হবেন তিনি নির্দিষ্ট কোনো দলের নন, সবার জন্যই হবেন।

শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত 'গণঅভ্যুত্থানের ৫০ বছর’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তোফায়েল আহমেদ।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, “বিলম্বে হলেও দীর্ঘদিন পর আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন করে যাত্রা শুরু হবে। তাই আমি মনে করি, ডাকসুর  ভিপি হবে এমন একজন, যিনি সকলের জন্য কাজ করবেন, নির্দিষ্ট কোনো দলের হয়ে নয়।”

ঊনসত্তরের উত্তাল সময়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্বে থাকা তোফায়েল আহমেদ গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, “ডাকসু অফিস থেকেই ’৬৯ এর গণভ্যুত্থানের বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হত।

“ডাকসু অফিসে বসে ৪ঠা জানুয়ারি ছাত্রদের সমস্যা, শ্রমিকদের সমস্যা, জাতির পিতার প্রণীত ছয় দফাকে অন্তর্ভুক্ত করে, আগরতলা মামলা প্রত্যাহার,  রাজবন্দীদের মুক্তিসহ একটি সর্বাঙ্গীণ সকল শ্রেণির মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র সমাজের ১১ দফা প্রণয়ন করেছিলাম। ১৭ জানুয়ারি থেকে সেই আন্দোলন শুরু হয়েছিল।”

ষাটের দশকে ডাকসুর সহ-সভাপতি পদে থাকা তোফায়েল বলেন, “আমি যদি ডাকসুর ভিপি না হতাম তাহলে বঙ্গবন্ধুর সাহচার্য পেতাম না। তার মতো কোনো নেতা পৃথিবীতে জন্মেছে বলে আমি মনে করি না।”

নেতৃত্ব তৈরিতে ডাকসুর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “ডাকসুকে বলা হয় নেতা তৈরির কারখানা। আমি ডাকসুর ভিপি না হলে নেতা (ছাত্রলীগ সভাপতি) হতাম না। ডাকসুর মাধ্যমে যে নেতা হবে সে দেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দেবে। এজন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত।”

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অলোচক  ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।

বক্তব্যে ’৬৯- এর গণঅভ্যুত্থানে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রবাহের বিশদ বিবরণ তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। আমরা ’৬৯-এ  ইকবাল হলে  ছাত্রলীগ করতাম।

“ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুকে দেখার জন্য বিভিন্ন প্রোগ্রামে অধীর আগ্রহে থাকতাম, যার নেতৃত্ব ও ত্যাগের মধ্য দিয়ে এ দেশের স্বাধীনতা পেয়েছিলাম। তাই এদেশের ইতিহাসকে জানতে হলে বঙ্গবন্ধুর জীবন ইতিহাস জানতে হবে।”

ছাত্রলীগ নেতা সনজিত চন্দ্র দাস বলেন, “’৬৯ এর গণঅভ্যুত্থানে যারা ঘাতকের বুলেটে নিহত হয়েছিলেন, তাদের কোনো অন্যায় ছিল না, তারা তাদের অধিকার চেয়েছিলেন। অন্যায় শোষণের প্রতিবাদ করেছিলেন। আমরা তীব্র ঘৃণা জানাই সেই শোষকদের প্রতি।

“শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। আমাদের গর্ব হয় যখন পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে বলা হয়, আমাদের বাংলাদেশের মতো হতে হবে।”

সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, “আগামী ডাকসু নির্বাচনে কেউ পরাজিত হবে না। সেই নির্বাচনে বিজয়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের আনন্দ, মিলন-বিরহে ছাত্রলীগ পাশে থাকবে। ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলাকে ভঙ্গ করে কেউ নির্বাচনকে ঘিরে অতি উৎসাহী হয়ে ব্যক্তিগত রাজনীতি করলে, তার দায়িত্ব ছাত্রলীগ নেবে না।”