২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা

নির্বাচনের আগের দিন অনেকটা ফাঁকা ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর সড়কে পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনা সদস্যরা রয়েছেন তল্লাশিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2018, 11:20 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্য শনিবারের চেয়ে ভোটের আগের দিন কিছুটা ভিন্ন চেহারা পেয়েছে ঢাকার এলাকাগুলো। কিছু দোকানপাট খোলা থাকলেও মানুষের তেমন ভিড় নেই, ফুটপাতও ফাঁকা।

ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সড়কে গণপরিবহন কম থাকায় ঢাকার কোথাও ট্রাফিক পুলিশের চিরাচরিত সেই ব্যস্ততা দেখা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মুহাম্মাদ মুরাদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাফিক পুলিশের ৪০ শতাংশ ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত। বাকি সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত। রাস্তায় কোনো যানজট নেই।

তার কথার প্রমাণ মেলে ঢাকায় চলাচলেও; সন্ধ্যায় বলাকা পরিবহনের বাসে মগবাজার থেকে মহাখালী আসতে সময় লাগে মাত্র ৫ মিনিট, যেখানে অন্য শনিবারে অন্তত আধা ঘণ্টা এবং অফিস দিনগুলোতে ঘণ্টাখানেক লেগে যায়।

নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যান্য বাহিনীর সঙ্গে চমৎকার সমন্বয় করে পুলিশ কাজ করছে। কোনো ধরনের নৈরাজ্য করলে তা কঠোরভাবে দমন করা হবে।

“ভীতির কোনো কারণ নেই। রাষ্ট্রের নিরাপত্তায় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের সব কেন্দ্র পরিদর্শন করেছে র‌্যাব। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন যে ধরনের টহল দেওয়া দরকার তা দিচ্ছেন র‌্যাব সদস্যরা।

দুপুরে ঢাকার এলিফ্যান্ট রোডে সেনা সদস্যদের গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।

বর্তমানে ৫০ হাজারের বেশি সেনা সদস্য ভোটের মাঠে রয়েছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের বলেছেন, “কেউ যেন ভয়ভীতি দেখাতে না পারে, বিশৃঙ্খলা না করতে পারে, সে জন্য তারা সার্বক্ষণিক টহলের মধ্যে রয়েছে। পাশাপাশি ভোটাররা যেন নিরাপদ অবস্থার মধ্যে থাকেন, সে দিকেও নজর দেওয়া হচ্ছে।”

ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সে দিকটিতে গুরুত্বের সঙ্গে নজর রাখা হচ্ছে বলে জানান সেনাপ্রধান।

ভোটের পর ও সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ নজর রাখার কথা বলেন তিনি।

ঢাকার বিভিন্ন সড়কে ব্যারিকেড বসিয়ে নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া মটরসাইকেল আটক করতে দেখা যায় পুলিশকে।

নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া বাইরে বের হওয়ায় শনিবার দুপুরে মধ্য বাড্ডায় ডজনখানেক মটরসাইকেল আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই সব মটারসাইকেল চালকদের কেউ কেউ নিজের ভুলের কথা স্বীকার করলেও তাদের বসিয়ে রাখতে দেখা যায়।

সেখানে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, নিয়ম না মানায় ওই সব মটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ী চৌরাস্তা, সায়েদাবাদ, গুলশান, বাড্ডা, রামপুরাসহ ঢাকার সব এলাকায় হাতে গোনো কিছু গণপরিবহন চলাচল করলেও তাতে মানুষের তেমন ভিড় ছিল না।

বাস টার্মিনালগুলোর পাশে দূরপাল্লার পরিবহনের বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। টার্মিনালগুলো থেকে মাঝেমধ্যে দুয়েকটা গাড়ি দূরের গন্তব্যে ছেড়ে যেতে দেখা যায়।

সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকজন আগেই বাড়ি যাওয়ায় যাত্রী কম, ফলে বাস চলাচলও কমে গেছে।

“আজ তো পুরো এলাকাই ফাঁকা, লোকজনই নেই, গাড়ি চালিয়ে কী হবে?”

সকাল থেকে নিজের অটোরিকশা নিয়ে বের হলেও যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানান যাত্রাবাড়ী এলাকার চালক আব্দুল কাদির।

দুপুরের দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত একটা ভাড়াও পাইনি। ভোটে তো আমাদের মতো গরিব মাইনষের কিছু যায় আসে না।

“গত দুই নির্বাচনে ভোট দিবার পারি নাই। এইবারও দিতে পারুম কি না জানি না। বাসায় বইয়্যা থাইকা লাভ নাই, হের লাইগা সকালে গাড়ি নিয়া বারাইছি কিন্তুক অহনতরি একটাও ট্রিপ মারার পারি নাই।“

টিকাটুলী, মতিঝিল, আরামবাগ এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ। ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিল প্রায় ফাঁকা।

গুলিস্তান এলাকায় মানুষের ভিড় না থাকলেও সেখানকার ফুটপাতে শীতের কাপড় বিক্রি করতে কয়েকজন হকারকে হাকডাক দিতে দেখা যায়।

ফকিরাপুল, কাকরাইল, মৌচাক, মালিবাগ এলাকার চিত্রও একই। গাজীভবন সুপার মার্কেট, পলওয়েল, সিটি হার্টসহ বিপনিবিতানগুলো সকাল থেকে খোলা থাকলেও দুপুরের পর থেকে বেশ কিছু দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

ক্রেতা না পাওয়ায় দোকান বন্ধ করে বসায় চলে যাচ্ছিলেন গাজীভবন সুপার মার্কেটের একটি বিপণিবিতানের বিক্রয়কর্মী তপন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কাস্টমার নাই, খালি খালি বইয়া থাইকা লাভ নাই। একটু পরে দেখবেন পুরা ফাঁকা।”