ভোট দেবেন না রাষ্ট্রপতি
নিজের নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটারদের ভোগান্তি এড়াতে ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। জনদুর্ভোগ এড়াতে দশম সংসদ নির্বাচনেও ভোট দেননি তিনি।
এবারও রাষ্ট্রপতির কার্যালয়ে যোগাযোগ করলে একই কথা জানা যায়।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি মিঠামইনের ভোটার। কিন্তু তিনি ভোট দিতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে যে আয়োজন করা হয়, তা ওই এলাকার বা কেন্দ্রের ভোটারদের ভোগান্তির কারণ হতে পারে। এ কারণেই তিনি ভোট দিতে যাবেন না।”
শেখ হাসিনা সকালেই রাজধানীর ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। বরাবরের মতো এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন জন্মস্থান গোপালগঞ্জে।
স্পিকার শিরীর শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জের ৯ নম্বর ইউনিয়নের ভোটার। তিনি সেখানে লালদীঘি উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। তিনি প্রার্থী হয়েছেন সেখানে।
দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এবার ভোট দেওয়া হচ্ছে না। প্রার্থী হতে না পারলেও কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ ছিল তার।
এজন্য ভোটের আগেই পোস্টাল ব্যালট চেয়ে আবেদন করতে হয়। কিন্তু ভোটের আগের দিন শনিবার ইসিতে খবর নিতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেদা জিয়ার জন্য কোনো পোস্টাল ব্যালট চাওয়ার তথ্য নেই ইসিতে।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপিকে সঙ্গে নিয়ে জোট গড়ে ভোটের লড়াইয়ে নামা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন ভোট দেবেন বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ভোট দিতে বেরুবো সকাল ৮টা থেকে ৯টার মধ্যে। আমার বাসার কাছেই যে কেন্দ্র আছে, ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে পায়ে হেঁটে যাব।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটার ঠাকুরগাঁওয়ে। তিনি ভোট দিতে সেখানেই অবস্থান করছেন।
সরকারের বিভিন্ন মন্ত্রীরা নিজ নিজ এলাকায় প্রার্থী হয়েছেন, তারা ভোট দিতে ইতোমধ্যে এলাকায় অবস্থান করছেন।
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনে প্রার্থী; তিনি ভোট দেবেন বাংলামোটরের খোদেজা খাতুন হাই স্কুল কেন্দ্রে।
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস শাহজাহানপুরের মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তার স্ত্রী ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসও একই কেন্দ্রে ভোট দেবেন।
এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মূল দায়িত্বে যিনি রয়েছেন, সেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকার উত্তরায় ভোটার।
সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ১০টায় নির্বাচন ভবন থেকে বের হবেন নূরুল হুদা। উত্তরা ৫ নং সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন তিনি।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সেনানিবাসের রমিজউদ্দিন স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
