২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ভোটের প্রচারে  সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সবাই যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই প্রত্যাশার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 02:04 AM

Updated : 19 Aug 2022, 03:05 PM

একাদশ সংসদ নির্বাচনের দুদিন আগে বৃহস্পতিবার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্য কমিশনারদের সঙ্গে দেখা করে এই প্রত্যাশার কথা জানান ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিলার সাংবাদিকদের বলেন, “প্রধান নির্বাচন কমিশনারকে আমরা বলেছি, যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহের নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। প্রতিটি দলই এ সহিংসতার শিকার।

“সংখ্যালঘু ও নারীরাও সহিংসতার শিকার হয়েছে। বিরোধী দল ও তাদের অঙ্গ সংগঠন অধিকাংশ সহিংসতার শিকার।”

পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশনের পরিকল্পনা কী জানতে এসেছিলেন বলে জানান রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

মিলার বলেন, সংখ্যালঘুসহ সব বাংলাদেশি যেন ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত হোক, তাই চান তারা।