ঢাবিতে হামলায় আহত কোটা আন্দোলনের নেতারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন এক কর্মসূচি পালন করতে গিয়ে হামলায় আহত হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কয়েকজন নেতা।
তারা রোববার বিকাল ৩টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ ব্যানারে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। কর্মসূচিতে নামার আগেই বেলা আড়াইটার দিকে টিএসসিতে তাদের উপর হামলা হয়।
হামলার জন্য আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন তারা। তবে ছাত্রলীগ নেতারা তা স্বীকার করেননি।
এবছরের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এক দল শিক্ষার্থী আন্দোলনে নামলে বেশ কয়েকবার তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ।
এই আন্দোলনের মুখে সরকারি চাকরিতে সব কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত হলে আন্দোলন স্তিমিত হয়। তার কয়েক মাস বাদে নির্বাচনের আগে অন্য কর্মসূচি নিয়ে সক্রিয় হওয়ার প্রয়াস চালিয়েছিলেন ওই আন্দোলনের নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে টিএসসিতে খেতে বসলে কর্মসূচি আহ্বানকারীদের উপর হামলা হয়, যাতে ছাত্রলীগের বিভিন্ন হলের কয়েক নেতাকে দেখা গেছে।
হামলায় কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক মোল্লা বিন ইয়ামিন, জসিম উদ্দিন আকাশ, সোহরাব হোসেনসহ আট-দশজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সোহরাব সাংবাদিকদের বলেন, “আমরা ব্যক্তিগতভাবে 'নিরাপদ বাংলাদেশ চাই' ব্যানারে রাজু ভাস্কর্যে কর্মসূচির পালনের জন্য দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে বসে ছিলাম। দুপুরের খাবার খেতে টিএসসির ভিতরে গেলে ছাত্রলীগের ৮০ থেকে ৯০ জন আমাদের উপর অতর্কিত হামলা করে।”
পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, “কিছু ছাত্র নিজেদের উদ্বেগ-উৎকণ্ঠা থেকে 'নিরাপদ বাংলাদেশ চাই' ব্যানারে একটা মানববন্ধন করতে চেয়েছিল। তাদের সাথে আমাদের সংগঠনের কিছু লোক ছিল। কিন্তু অবস্থানের পূর্বেই ছাত্রলীগ ওদের উপর অতর্কিত হামলা করে।”
কী কারণে হামলা হয়েছিল- প্রশ্ন করা হলে তিনি বলেন, “আসলে ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের একটাই কথা, কোটা সংস্কার আন্দোলনকারীরা যেন কোথাও কোনো আন্দোলন করতে না পারে। আমাদের ওরা শত্রু ভাবে।”
হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে দাবি করেন আহতরা।
হামলার বিষয়ে সনজিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখনও কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানাব।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন নুর।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে ভিন্ন সূত্রে জানতে পেরে আমি প্রক্টরিয়াল টিমকে সেখানে পাঠিয়েছিলাম।
“প্রত্যক্ষদর্শীর বরাতে তারা জানিয়েছে, কোনো একটা গ্রুপ কিছু করার জন্য তৎপরতা চালাচ্ছিল। এই কারণে দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে।”
