২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাবলিগের দ্বন্দ্ব: সাদপন্থিদের শাস্তি দাবি দেওবন্দিদের

টঙ্গীতে জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর ঢাকায় সংবাদ সম্মেলন করে দিল্লি মারকাজের প্রধান মাওলানা সাদের অনুসারী মাওলানা ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দিন নাসিমের শাস্তির দাবি জানিয়েছে দেওবন্দ মাদ্রাসার অনুসারীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 07:54 PM

Updated : 11 Oct 2022, 12:48 PM

পুরনো খবর:

তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে ইজতেমা মাঠ রণক্ষেত্র, নিহত ১

তাবলিগ জামাতের এ অংশের শুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বিরোধ মীমাংসায় আপসের কোনো সুযোগ নেই।

রোববার ঢাকার নয়াপল্টনে হোটেল জাফরানে ওই সংবাদ সম্মেলন থেকে সোমবার সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে তাবলিগের সাথী মাওলানা আমানুল হক বলেন, “শনিবার ইজতেমা মাঠে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা যখন কাজ করছিল, তখন মাওলানা সাদপন্থি বাংলাদেশের ওয়াসিকুল ইসলাম এবং নাসিমের লোকজন হামলা চালায়। প্রশাসনের ভূমিকা ছিল নীবর। পুলিশ দর্শকের ভূমিকা পালন করে এবং গেট ভাঙতে তাদের সহায়তা করে।”

তাবলিগ জামাতের দুই পক্ষের নেতৃত্বের কোন্দলে জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত মাসে স্থগিত করা হয়। দেওবন্দপন্থিদের আবেদনে নির্বাচন কমিশন শুক্রবার এক আদেশে ৩০ ডিসেম্বর ভোটের আগে টঙ্গীর ইজতেমা মাঠে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে।

দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা এর মধ্যেই পাঁচ দিনের জোড় ইজতেমা করার ঘোষণা দিলে দেওবন্দপন্থি মাওলানা জুবায়েরের অনুসারীরা দিন কয়েক আগে ইতজেমা মাঠ দখল করে আশপাশে পাহারা বসায়। এ অবস্থায় মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার ময়দানে ঢুকতে না পেরে আশপাশের মসজিদে অবস্থান নেন।

শনিবার ভোর থেকে সাদের অনুসারী শত শত মানুষ ঢাকার দিক থেকে টঙ্গীর পথে রওনা হলে পরিস্থিতি বিস্ফোন্মুখ হয়ে ওঠে। বিমানবন্দর সড়কসহ টঙ্গীর পথের বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে বিমানবন্দর সড়কের এক দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে জোড় ইজতেমায় যোগ দিতে আসা লোকজন ময়দানের ফটকের তালা ভেঙে এবং সীমানা প্রচীর টপকে ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় দুই পক্ষের লোকজন বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের মধ্যে দুই পক্ষ থেকেই বৃষ্টির মত ঢিল ছোড়া হয়। সেই ঢিল আর লাঠির আঘাতে উভয়পক্ষের দুই শতাধিক মানুষ আহত হন, নিহত হন একজন।

আমানুল হকের দাবি, নিহত মো. ইসমাইল মণ্ডল ছিলেন দেওবন্দের অনুসারী। তবে ছেলের দাবি, ইসমাইল ছিলেন সাদপন্থিদের সঙ্গে।

সংবাদ সম্মেলনে আমানুল হক বলেন, মাওলানা সাদ হঠাৎ নিজেকে তাবলিগের আমির ঘোষণা করায় এবং ‘শরিয়তবিরোধী’ বক্তব্য দিতে থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।

শনিবারের ‘হামলায়’ জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা, হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করা, টঙ্গী ময়দান প্রশাসনের কাছ থেকে তাবগিগের সাথী ও আলেমদের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া, কাকরাইল মসজিদের সকল কার্যক্রম থেকে ওয়াসিফ ও নাসিমদের বহিষ্কার করা, শুরাভিত্তিক তাবলীগের সাথীদের নিরপত্তা দেওয়া এবং পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ১৮ থেকে ২০ জানুয়ারি টঙ্গীতে ইজতেমার আয়োজন করার ছয় দফা দাবি জানানো হয় দেওবন্দিদের সংবাদ সম্মেলন থেকে। 

অন্যদের মধ্যে মাওলানা আবু জাফর, আব্দুর রশিদ, মওলানা ওমর ফারুক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে দেওবন্দ মাদ্রাসার অনুসারীরা বায়তুল মোকাররম উত্তর গেইট এলাকায় জড়ো হয় এবং মিছিল করে পল্টন, দৈনিক বাংলা মোড় হয়ে আবার বায়তুল মোকাররমের উত্তর গেইটে এসে মোনাজাতে সমবেত হয়।