২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান হাই কমিশনে চুরির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

ঢাকায় পাকিস্তান হাই কমিশনে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 02:37 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

বুধবার গুলশান থানায় এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের গুলশান জোনের উপ কমিশনার মোস্তাক হোসেন জানান, মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন- মো. মোস্তফা (৩৫), দুলাল মিয়া (৩৪), মো. সজল ওরফে কালু (২২), জাহাঙ্গীর আলম (৪৫), নিমাই বাবু (৪২) এবং সেকুল ইসলাম (৩৫)।

গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান হাই কমিশনের কনসুলার শাখায় ওই চুরির ঘটনা ঘটে। রোববার সকালে অফিস খোলার পর চুরির বিষয়টি বুঝতে পেরে হাই কমিশনের পক্ষ থেকে গুলশান থানায় অভিযোগ করা হয়।

পরে সিসিটিভি ভিডিও পরীক্ষা করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনজন চোর নিচতলার জানালা কেটে লাগানো শীতাতপ নিয়ন্ত্রত যন্ত্র খুলে ভেতরে ঢোকে। সেখান থেকে তারা একটি মনিটর, তিনটি পিসি, চারটি ইউপিএস এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নিয়ে যায়। চুরির মালামাল তারা নিয়ে যায় রিকশা ভ্যান ও অটো রিকশায় করে।

উপ কমিশনার মোস্তাক হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে নেমে ওই ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে মোস্তফা ও দুলাল ‘পেশাদার ছিঁচকে চোর’ জানিয়ে উপ কমিশনার বলেন, কালু রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত জিনিস রিকশা ভ্যানে করে সংগ্রহ করে।

“বাতিল মালালাল সংগ্রহ করতে রাস্তায় রাস্তায় ঘুরতে গিয়ে সে পাকিস্তান হাই কমিশন ভবনের পেছন দিকে অপরিচ্ছন্ন এবং নিরাপত্তাহীন এক গলি পেয়ে যায়। জিজ্ঞাসাবাদে সে বলেছে, ওই গলিতে ঘুরে সে বুঝতে পারে, সহজেই ওই ভবনে ঢোকার সুযোগ রয়েছে। পরে সে বিষয়টি মোস্তফাকে জানায়।”

এরপর মোস্তফা এবং দুলাল ৪/৫দিন পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি করতে ঢোকে বলে জানানো হয় পুলিশের সংবাদ সম্মেলনে।

উপ কমিশনার মোস্তাক হোসেন বলেন, চুরির সময় কালু ভেতরে যাননি। মালামাল নেওয়ার সময় তিনি সেখানে যান এবং মালামাল নিয়ে একসঙ্গে সেখান থেকে চলে যান।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া চুরির মালামালের বাকি সবকিছুই উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তথ্য দেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, চুরি করা মালামাল যাদের কাছে বিক্রি করা হয়েছিল তাদের মধ্যে জাহাঙ্গীর, নিমাই এবং সেকুলকে গ্রেপ্তার করা গেলেও অ্যালিফেন্ট রোডের একজন ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মোস্তাক হোসেন বলেন, “সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা পুলিশের একার পক্ষে সম্ভব না। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নিজের নিরাপত্তার দায়িত্ব আগে নিজেকেই নিতে হবে “