নির্যাতিত নারীর ৬৬% পরিবারিক সহিংতার শিকার: গবেষণা
শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়ে যে নারীরা আইনের দ্বারস্থ হন, তাদের ৬৬ শতাংশই পারিবারিক সহিংসতার শিকার বলে তথ্য এসেছে অ্যাকশন এইড বাংলাদেশের এক গবেষণায়।
সোমবার ঢাকার ধানমণ্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার উপর আলোকপাত: প্রবণতা এবং সমাধান’ শীর্ষক এ গবেষণা প্রবন্ধের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
দেশের ২০ জেলায় পুলিশ, আদালত, এনজিও এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামে (জেএনএনপিএফ) আসা ২৮০০ অভিযোগের ভিত্তিতে চালানো এ গবেষণায় দেখা যায়, ১৮০০টি ঘটনায় নারীরা তাদের বাসগৃহেই নির্যাতনের শিকার হয়েছেন। এই সংখ্যা মোট অভিযোগের ৬৬ শতাংশ।
গবেষক আহমেদ ইব্রাহিম বলেন, “আমাদের কাছে নারী নির্যাতন বলতেই শারীরিক বা যৌন নির্যাতনের চিত্র ফুটে উঠে। অথচ অধিকাংশ নারীই নিজ গৃহে নির্যাতিত হচ্ছেন। শারীরিক ও যৌন নির্যাতনের বাইরেও অর্থনৈতিক, মানসিক ও পরিবারে দমন এবং নিয়ন্ত্রণে থাকাও নির্যাতন।”
ঘরের ভেতরেই নারীরা সবচেয়ে ‘অনিরাপদ’ মন্তব্য করে আহমেদ ইব্রাহিম বলেন, “এখন পর্যন্ত কোনো আইনই এটা মানতে রাজি নয় যে বিয়ের পরও স্বামীর দ্বারা নারীরা ধর্ষণের শিকার হতে পারে।”
যৌতুক ছাড়া অন্য কোনো সহিংসতার বিরুদ্ধে দেশে নারীর সুরক্ষায় সরাসরি কোনো আইন নেই বলেও জানান তিনি।
গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, নির্যাতনের শিকার নারীদের মধ্যে কেবল ১ দশমিক ১ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেন। যারা অভিযোগ করেন, তাদের মধ্যে মাত্র ৩ দশমিক ১ শতাংশ নারী নিজের পক্ষে বিচার পান। বাকি ৯৬ দশমিক ৯ শতাংশ অভিযোগ আদালতে খারিজ হয়ে যায়; অনেক ক্ষেত্রে শুনানিও করা হয় না।
মানবাধিকার কর্মী খুশি কবির অনুষ্ঠানে বলেন, “নারীদের নির্যাতিত হওয়া বা বিচার না পাওয়ার তথ্য আমাদের বিস্মিত করে না, খুবই স্বাভাবিক এসব নির্যাতন। পিতৃতন্ত্র যখন প্রশ্নবিদ্ধ হয়ে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই সহিংসতা চালায়।”
আর নারীরা আইনি অভিযোগ করতে গিয়ে বাধার সম্মুখীন হন জানিয়ে তিনি বলেন, “নারীরা সাধারণ একটি ডায়েরি করতে থানায় গেলেই কী সব আচরণের সম্মুখীন হতে হয় তা সবারই জানা। সেখানে নিরাশ হতে হয়; অভিযোগ না তোলার জন্য যতভাবে পারা সম্ভব বাধা দেওয়া হয়।”
গণমাধ্যমও নারীর ওপর সহিংসতার সঠিক চিত্র তুলে ধরছে না বলে অভিযোগ করেন খুশি কবির।
অ্যাকশন এইডের গবেষণাপত্রে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত নারী নির্যাতন সংশ্লিষ্ট সংবাদের ৭৫ শতাংশই ধর্ষণের সংক্রান্ত।
আহমেদ ইব্রাহিম বলেন, “পারিবারিক সহিংসতার সংবাদও গণমাধ্যমে বেশি করে তুলে ধরা জরুরি।”
অন্যদের মধ্যে অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, জেএনএনপিএফের নির্বাহী পরিচালক মমতাজ আরা রুমি এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
