‘ট্রেড’ যোগ হচ্ছে ট্যারিফ কমিশনের নামে
বাণিজ্যের প্রসার হওয়ায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের নাম বদলে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন’ করতে যাচ্ছে সরকার।
এজন্য সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম পরে সাংবাদিকদের বলেন, “১৯৭৩ সালে একটা রেজুলেশনের মাধ্যমে ট্যারিফ কমিশন শুরু করা হয়। পরে ১৯৯২ সালে প্রণিত আইনে কিছুটা সংশোধন করে নতুন আইন করা হচ্ছে।
“বাংলাদেশ ট্যারিফ কমিশনের সঙ্গে ‘ট্রেড’ শব্দটি যোগ করে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন’ নামকরণ করা হবে।”
কমিশনের নামের সঙ্গে ট্রেড শব্দটি যোগ করার ব্যাখ্যায় শফিউল বলেন, “পৃথিবীর অনেক দেশেই ট্রেডকে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের ট্যারিফ কমিশনের নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন করা হয়েছে।
“ডব্লিউটিওর পরে যেহেতু ট্রেড অনেক বেশি বিস্তৃত এবং বাণিজ্যিক ক্ষেত্রে ট্রেডটি বেশি অগ্রসর, এজন্য ট্রেড শব্দ যোগ করা হয়েছে।”
ট্যারিফ কমিশনের নামের সঙ্গে ট্রেড শব্দটি যোগ করতে ব্যবসায়ীও দাবি রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সংশোধিত আইনে অল্প কিছু বিষয় নতুন করে সংযোজন করা হয়েছে জানিয়ে শফিউল বলেন, “ওয়ার্ল্ড ট্রেড যে ট্রেন্ড্রে যাচ্ছে সেসব বিষয় এখানে সংযোজন করা হয়েছে।”
