ঢাকায় ড্রামে নারীর লাশ: সঙ্গী গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুরে ড্রামের ভেতরে যে নারীর লাশ পাওয়া গেছে, তার সঙ্গীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম সেলিম আহমদ (৩০)। তিনি নিহত আঁখি আক্তারের (২৮) সঙ্গে সঙ্গে স্বামীর পরিচয় দিয়ে ঢাকা উদ্যানের পাশের একটি ফ্ল্যাটে থাকতেন।
গত ৩০ অক্টোবর তালাবদ্ধ ফ্ল্যাটে বাথরুমের ভেতরে ড্রামের মধ্যে আঁখির লাশ পাওয়ার পর থেকে সেলিম পলাতক ছিলেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সেলিমকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
ঝগড়ার এক পর্যায়ে আঁখিকে গলাটিপে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন সেলিম।
পুলিশ কর্মকর্তা আজাদ বলেন, “সে জানিয়েছে, ২৪ অক্টোবর সকালে আঁখিকে বাথরুমের পাশে গলাটিপে হত্যা করে সেলিম। পরবর্তীতে বাথরুমে থাকা একটি পানির ড্রাম খালি করে ভেতরে লাশ ঢুকিয়ে রাখে এবং ড্রামের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে দেয়। এরপর বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় সে।”
গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা ভবনের ব্যবস্থাপক পারভেজ আহমদকে জানান। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঢুকে লাশ উদ্ধার করে।
